জয় দিয়ে নারী টি–টোয়েন্টি বিশ্বকাপ শুরুর পর নিজেদের দ্বিতীয় ম্যাচে হেরে যায় বাংলাদেশ দল। আজ গ্রুপ–১–এ নিজেদের তৃতীয় ম্যাচে পাকিস্তানের বিপক্ষে জয়ের লক্ষ্য নিয়ে মাঠে নামবে টাইগ্রেসরা। ইংল্যান্ডের সাউদাম্পটনে বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে মুখোমুখি হবে বাংলাদেশ ও পাকিস্তান। পাকিস্তানের বিপক্ষে ম্যাচকে সামনে রেখে বাংলাদেশ অধিনায়ক নিগার সুলতানা বলেন, ‘জয় দিয়ে আমরা টুর্নামেন্ট শুরু করেছিলাম। প্রথম জয়টি আমাদের মোমেন্টাম দিয়েছিল। আমরা সেটা ধরে রাখতে পারিনি। পরের ম্যাচে পাকিস্তানের বিপক্ষে খেলবো। আশা করি, ঘুরে দাঁড়াবে দল। ভালো খেলার সামর্থ্য আমাদের আছে।’ এদিকে চলতি বিশ্বকাপে এ পর্যন্ত দুই ম্যাচ খেলে একটিও জিততে পারেনি পাকিস্তান। ভারতের কাছে ৬৪ রানে হেরে বিশ্বকাপ শুরু করে তারা। এরপর দক্ষিণ আফ্রিকার কাছে ২ উইকেটে হারে পাকিস্তান। এখন পর্যন্ত টি–টোয়েন্টিতে ২০বার মুখোমুখি হয়েছে বাংলাদেশ–পাকিস্তান। এরমধ্যে বাংলাদেশ জিতেছে চারবার। পাকিস্তানের জয় ১৬ ম্যাচে।












