পরিবার ফিরিয়ে দিলেও বৃদ্ধাশ্রমে পেলেন নতুন জীবন, বর ৭৫ কনে ৬৩

| শনিবার , ২৮ নভেম্বর, ২০২৬ at ১১:২৯ পূর্বাহ্ণ

জীবনের পড়ন্ত বেলায় একাকীত্ব যখন গ্রাস করে নিয়েছিল, ঠিক তখনই ভালোবাসা আর নতুন করে বাঁচার এক অনন্য কাহিনী রচনা করলেন ভারতের হিমাচল প্রদেশের বিলাসপুর জেলার দুই প্রবীণ নাগরিক। পরিবার থেকে বিতাড়িত ৭৫ বছর বয়সী কানহাইয়া লাল এবং ৬৩ বছর বয়সী সাবিনা জীবনের গোধূলিবেলায় এসে একে অপরের হাত ধরে শুরু করলেন এক নতুন জীবন। খবর বিডিনিউজের।

বিলাসপুর জেলার ঘাগাস এলাকার ‘আপনা ঘর’ বৃদ্ধাশ্রমে সমপ্রতি বসেছিল এই ব্যতিক্রমী বিয়ের আসর। হিন্দু রীতিনীতি মেনে বৃদ্ধাশ্রমের অন্যান্য আবাসিক, কর্মী এবং শুভানুধ্যায়ীদের ভালোবাসায় সিক্ত হয়ে সাতপাকে বাঁধা পড়েন এই নবদম্পতি।

বিয়ের আনুষ্ঠানিকতায় কোনও কমতি ছিল না– মালাবদল থেকে শুরু করে পবিত্র অগ্নিকে সাক্ষী রেখে সাতপাক ঘোরা, সবই সম্পন্ন হয়েছে ঐতিহ্যবাহী প্রথা মেনে। এই অনন্য বিয়ের সাক্ষী হতে বরযাত্রীর অংশ হিসেবে অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন বিলাসপুরের জেলা প্রশাসক (ডেপুটি কমিশনার) কিরণ ভাদানা। তিনি নবদম্পতিকে আন্তরিক শুভেচ্ছা জানান এবং তাদের হাতে বিয়ের উপহার তুলে দেন।

বিয়ের উৎসব শুরু হয়েছিল মঙ্গলবার সন্ধ্যায় গায়েহলুদের অনুষ্ঠানের মধ্য দিয়ে। সেদিন কানহাইয়া লাল ও সাবিনা দুজনই সেজেছিলেন উজ্জ্বল হলুদ পোশাকে। বয়সের ভার ভুলে ঐতিহ্যবাহী হিমাচলি গানের তালে তালে আনন্দ করতেও দেখা যায় এই জুটিকে। এই বিয়ে পুরো বৃদ্ধাশ্রমেই আনন্দের জোয়ার নিয়ে আসে। আশ্রমের অন্যান্য বাসিন্দা এবং প্রতিষ্ঠানের সদস্যরা স্বতঃস্ফূর্তভাবে উৎসবে মেতে ওঠেন, নবদম্পতিকে আশীর্বাদ করেন এবং তাদের সুখী দাম্পত্য জীবনের জন্য শুভকামনা জানান। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে জেলা প্রশাসক কিরণ ভাদানা বলেন, এই বিয়ে গোটা সমাজের কাছে এক অত্যন্ত ইতিবাচক বার্তা পৌঁছে দিয়েছে। ‘আপনা ঘর’–এর এমন মহৎ উদ্যোগের প্রশংসা করে তিনি বলেন, বয়স যা–ই হোক না কেন, জীবনের পূর্ণতা নিয়ে বেঁচে থাকার অধিকার সবারই রয়েছে। তিনি আরও বলেন, বয়স বেড়ে যাওয়ার অর্থ এই নয় যে মানুষকে জীবনের আনন্দ উপভোগ করা কিংবা মনের মতো একজন সঙ্গী খুঁজে নেওয়া বন্ধ করে দিতে হবে।

পূর্ববর্তী নিবন্ধফ্রান্সে পুলিশের কাঁদানে গ্যাসে হাজারো নারীর গর্ভপাত ও রক্তক্ষরণের অভিযোগ
পরবর্তী নিবন্ধ‘বন্ধু’ ভারতকে সরিয়ে কেন পাকিস্তানের হাত ধরছে রাশিয়া