পতেঙ্গা কন্টেনার টার্মিনালে কন্টেনার হ্যান্ডলিংয়ে নতুন রেকর্ড

আজাদী প্রতিবেদন | বুধবার , ২১ অক্টোবর, ২০২৬ at ৯:১৬ পূর্বাহ্ণ

চট্টগ্রাম বন্দরের পতেঙ্গা কন্টেনার টার্মিনালে (পিসিটি) কন্টেনার হ্যান্ডলিংয়ে নতুন রেকর্ড সৃষ্টি হয়েছে। সৌদি আরবভিত্তিক আন্তর্জাতিক টার্মিনাল অপারেটর রেড সি গেটওয়ে টার্মিনাল (আরএসজিটি) পরিচালিত এই টার্মিনালে ঘণ্টায় সর্বোচ্চ ১২২ টিইইউএস কন্টেনার হ্যান্ডলিং করা হয়েছে। গত ১৮ অক্টোবর ফরাসি শিপিং কোম্পানি সিএমএ সিজিএমের জাহাজ এমভি আমুরোতে কন্টেনার হ্যান্ডলিংয়ের এ রেকর্ড গড়ে প্রতিষ্ঠানটি। এ সময় ঘণ্টায় সর্বোচ্চ ৭২টি কন্টেনার মুভ সম্পন্ন হয়। মাত্র ২১ ঘণ্টায় জাহাজটির ১ হাজার ৫২৪ বঙ কন্টেনার হ্যান্ডলিং করা হয়, যা ২ হাজার ৫৭১ টিইইউএস। কন্টেনার হ্যান্ডলিংয়ের এই গতি আমদানি–রপ্তানি বাণিজ্যের পাশাপাশি আন্তর্জাতিক শিপিং লাইনগুলোর কাছে চট্টগ্রাম বন্দরের সক্ষমতা বৃদ্ধির বার্তা দেবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

আরএসজিটি জানায়, গত সেপ্টেম্বরে পিসিটিতে ঘণ্টায় ৫৮ বঙ বা ৮২ টিইইউএস কন্টেনার হ্যান্ডলিংয়ের রেকর্ড হয়েছিল। মাত্র এক মাসের ব্যবধানে সেই রেকর্ড ছাড়িয়ে ঘণ্টায় ৭২ বঙ বা ১২২ টিইইউএস হ্যান্ডলিংয়ের নতুন রেকর্ড সৃষ্টি হয়। আগের রেকর্ডের তুলনায় ঘণ্টাপ্রতি কন্টেনার মুভ প্রায় ২৪ শতাংশ এবং টিইইউএস হিসেবে ৪৯ শতাংশ বেড়েছে বলে তারা উল্লেখ করেন। গত আগস্টে টার্মিনালে শিপ–টু–শোর (এসটিএস) ক্রেন কার্যক্রম চালুর পর এটিই সর্বোচ্চ উৎপাদনশীলতার রেকর্ড।

বন্দর সংশ্লিষ্টদের মতে, একটি কন্টেনার জাহাজ বন্দরে এসে দ্রুত পণ্য খালাস এবং লোড করে পরবর্তী গন্তব্যে যাত্রা করতে পারলে জাহাজের টার্নঅ্যারাউন্ড টাইম বা বন্দরে অবস্থানকাল কমে আসে। এতে জাহাজ পরিচালনার ব্যয় নিয়ন্ত্রণ, বার্থের কার্যকর ব্যবহার এবং পরবর্তী জাহাজের জন্য দ্রুত জায়গা খালি করার সুবিধা পাওয়া যায়।

চট্টগ্রাম বন্দর ২০২৫–২৬ অর্থবছরে চট্টগ্রাম বন্দরে ৩৫ লাখ ১৮ হাজার ৮৪১ টিইইউএস কন্টেনার হ্যান্ডলিং করে, যা আগের অর্থবছরের তুলনায় প্রায় ৬ দশমিক ৭৬ শতাংশ বেশি। একই অর্থবছরে বন্দরে জাহাজ আসার পরিমাণ বেড়ে ৪ হাজার ৩২৪টিতে দাঁড়ায়।

পতেঙ্গা কন্টেনার টার্মিনালের আধুনিকায়নে সাম্প্রতিক সময়ে বড় বিনিয়োগ করেছে আরএসজিটি বাংলাদেশ। চারটি নতুন শিপ–টু–শোর ক্রেন সংগ্রহে প্রায় ৩ কোটি ডলার বিনিয়োগ করা হয়েছে। চীনের সানি মেরিন হেভি ইন্ডাস্ট্রিতে তৈরি এসব ক্রেন জাহাজ থেকে সরাসরি কন্টেনার ওঠানো–নামানোর কাজে ব্যবহৃত হয়।

পিসিটি ২০২৪ সালের এপ্রিলে আরএসজিটি বাংলাদেশকে পরিচালনার দায়িত্ব দেওয়া হয়। ২২ বছরের কনসেশন চুক্তির আওতায় প্রতিষ্ঠানটি টার্মিনালটি পরিচালনা করছে। ২০২৫ সালে টার্মিনালটিতে প্রায় ১ লাখ ৫৪ হাজার ৫৬৪ টিইইউএস কন্টেনার হ্যান্ডলিং হয়েছিল। বার্ষিক প্রায় ৪ লাখ ৫০ হাজার টিইইউএস হ্যান্ডলিং সক্ষমতার তুলনায় অনেক পিছিয়ে ছিল পিসিটি। নতুন যন্ত্রপাতি সংযোজন ও পরিচালনগত দক্ষতা বৃদ্ধির মাধ্যমে সেই ব্যবধান কমে আসবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধবন্দরের ৪২৫৬ লিটার ডিজেল সরানোর চেষ্টা, দুই কর্মচারী সাময়িক বরখাস্ত
পরবর্তী নিবন্ধইশরাকের কাজকে নেগেটিভ বলা যায় না, হাতে অস্ত্রটা না থাকলে ভালো হতো