পটিয়ায় যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে ২ হাজার ৪২৮টি ইয়াবাসহ এক দম্পতিকে আটক করেছে এসআরবি–৭ এর একটি টিম।
গতকাল শুক্রবার এসআরবি–৭ এর এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গ্রেপ্তার দুজন হলেন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ থানার কুসাখালী এলাকার মৃত নূরুল হকের ছেলে মো. জসিম উদ্দিন (৫০) এবং তার স্ত্রী রিমা বেগম (৩৫)। উদ্ধার করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য ৭ লাখ ৩০ হাজার টাকা।
এসআরবি–৭ সূত্রে জানা গেছে, কক্সবাজার থেকে যাত্রীবাহী বাসে করে একটি চক্র ইয়াবার চালান নিয়ে চট্টগ্রাম শহরের দিকে যাচ্ছে–এমন তথ্যের ভিত্তিতে গত বৃহস্পতিবার দুপুরে পটিয়া উপজেলার কমল মুন্সীর হাটের দক্ষিণে কক্সবাজার–চট্টগ্রাম মহাসড়কে অস্থায়ী চেকপোস্ট বসানো হয়। চেকপোস্টে ‘তিশা প্লাটিনাম’ পরিবহনের একটি যাত্রীবাহী বাসে তল্লাশির সময় যাত্রীবেশে থাকা জসিম উদ্দিন ও রিমা বেগমের আচরণ ও গতিবিধি সন্দেহজনক মনে হলে তাদের আলাদাভাবে তল্লাশি করা হয়। তল্লাশির একপর্যায়ে তাদের কোমরে বিশেষভাবে রাখা কালো স্কচটেপে মোড়ানো প্যাকেটে ছয়টি ইয়াবার পোটলা পাওয়া যায়। এসব পোটলায় মোট ২ হাজার ৪২৮টি ইয়াবা ট্যাবলেট ছিল।
এসআরবি–৭ চট্টগ্রামের সহকারী পুলিশ সুপার ও সহকারী পরিচালক (মিডিয়া) এ আর এম মোজাফ্ফর হোসেন জানান, গ্রেপ্তার দুজন ও উদ্ধার করা মাদকদ্রব্য পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য পটিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।













