পটিয়ায় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তালা ভেঙে মালামাল ও নগদ টাকা নিয়ে গেছে দুষ্কৃতিকারীরা। উপজেলার কচুয়াই ইউনিয়নের সীতাবিধু সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।
বিদ্যালয় সূত্রে জানা যায়, গত ১৬ আগস্ট বিকেল ৫টার দিকে বিদ্যালয়ের কার্যক্রম শেষে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকরা বিদ্যালয় বন্ধ করে নিজ নিজ বাড়িতে চলে যান। গতকাল সকাল ৭টার দিকে বিদ্যালয়ের দপ্তরি মোবাইল ফোনে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে জানালে তিনি বিদ্যালয়ে গিয়ে চুরির বিষয়টি দেখতে পান।
বিদ্যালয় কর্তৃপক্ষ বলছে, অফিস কক্ষের দরোজার তালা ভেঙে চোর ভিতরে প্রবেশ করে এবং অফিসের একটি আলমারি ভেঙে একটি প্রিন্টার, একটি রাউটার, একটি পিতলের ঘণ্টাসহ বিভিন্ন মালামাল নিয়ে গেছে। এছাড়া আলমারিতে রাখা প্রায় দুই হাজার টাকা ও গুরুত্বপূর্ণ কাগজপত্রও নিয়ে যায় তারা। এ ঘটনায় বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক লাকী রানী দাশ পটিয়া থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। পটিয়া থানা পুলিশ চুরির ঘটনা তদন্ত করছে বলে জানিয়েছে।












