পটিয়ায় আমজু মিয়ার বলী খেলায় আবারো চ্যাম্পিয়ন মহেশখালীর মাছুম

| সোমবার , ১১ মে, ২০২৬ at ৭:২২ পূর্বাহ্ণ

পটিয়া প্রতিনিধি : পটিয়ায় আমজু মিয়ার বলী খেলার ১১৭তম আসরে চ্যাম্পিয়ন হয়েছেন মহেশখালীর মাছুম বলী। গত শনিবার বিকেলে পটিয়া পৌরসদরের বৈলতলী রোডস্থ আমজু মিয়া চেয়ারম্যানের বাড়ির মাঠে আয়োজিত বলী খেলায় বোয়ালখালীর কাঞ্চন বলীকে পরাজিত করে শিরোপা জেতেন তিনি। এবারসহ টানা দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন হলেন মাছুম বলী। ঐতিহ্যবাহী এ বলী খেলায় অর্ধশতাধিক বলী অংশ নেন। বলী খেলা শেষে বিজয়ীদের মাঝে ট্রফি ও নগদ অর্থ তুলে দেন প্রধান অতিথি সংসদ সদস্য এনামুল হক এনাম। বলী খেলা উদযাপন পরিষদের আহ্বায়ক আনোয়ারুল আলম চৌধুরীর সভাপতিত্বে এবং সদস্য সচিব শাহজাহান চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পটিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) জিয়াউল হক, সাবেক পৌর মেয়র নুরুল ইসলাম, খোরশেদ আলম, মোজাম্মেল হক, উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব মঈনুল আলম ছোটন, উপজেলা যুবদলের সদস্য সচিব ওয়াহিদুল আলম পিবলু ও পৌরসভা বিএনপির সদস্য সচিব হাবিবুর রহমান রিপন প্রমুখ। বলী খেলা উপলক্ষে দিনব্যাপী লোকজ মেলায় আশপাশের মানুষের ঢল নামে। মেলায় গ্রামবাংলার ঐতিহ্যবাহী বিভিন্ন ব্যবহার্য জিনিসপত্রের বেচাকেনা জমে ওঠে।

পূর্ববর্তী নিবন্ধসাফের প্রস্তুতিতে থাইল্যান্ডে বাংলাদেশ নারী ফুটবল দল
পরবর্তী নিবন্ধশহীদ জিয়া ও খালেদা জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের সাংগঠনিক কমিটির সভা