পটিয়ায় মো. নাজিম উদ্দীন পারভেজ নামে আওয়ামী লীগের সাবেক এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়কের পটিয়ার কচুয়াই ইউনিয়নের চক্রশালা সিকদার হোটেলের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে।
মো. নাজিম উদ্দীন পারভেজ পটিয়া পৌরসভার ৪নং ওয়ার্ডের মাঝের ঘাটা এলাকার মৃত মোস্তাফিজুর রহমান সওদাগরের ছেলে।
তিনি পটিয়া সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক, চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবলীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ও সর্বশেষ পটিয়া পৌরসভা আওয়ামী লীগের যুগ্ম–সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন।
পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, নাজিম উদ্দীন পারভেজের বিরুদ্ধে বিস্ফোরকদ্রব্য আইনে একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে শুক্রবার (গতকাল) দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে।












