আগামী ৩০ জুলাই যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে শুরু হচ্ছে তিন দিনব্যাপী ‘নিউইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল’–এর প্রথম আসর। উৎসবের উদ্বোধনী দিনে স্থানীয় সময় সন্ধ্যা ৭টায় নিউইয়র্কের আরটিভি থিয়েটারে প্রদর্শিত হবে সোহেল রানা বয়াতি পরিচালিত চলচ্চিত্র ‘নয়া মানুষ’। আ. মা. ম. হাসানুজ্জামানের উপন্যাস ‘বেদনার বালুচরে’ অবলম্বনে মাসুম রেজার সংলাপ ও চিত্রনাট্যে নির্মিত হয়েছে সিনেমাটি। এতে অভিনয় করেছেন আ. মা. ম. হাসানুজ্জামান, আশীষ খন্দকার, ঝুনা চৌধুরী, রওনক হাসান, মৌসুমী হামিদ, শিখা কর্মকার, নিলুফার ওয়াহিদ, বদরুদ্দোজা, মাহিন রহমান, নাজমুল হোসেন, স্মরণ সাহা, সানজানা মেহরান এবং শিশুশিল্পী ঊষশী। খবর বাংলানিউজের।
উৎসবে অংশগ্রহণ প্রসঙ্গে নির্মাতা সোহেল রানা বয়াতি বলেন, ‘নয়া মানুষ’ ইতোমধ্যেই বিশ্বের বিভিন্ন দেশের চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়েছে। তবে এই উৎসবটি আমার কাছে বিশেষ গুরুত্বপূর্ণ, কারণ এখানে শুধু বাংলাদেশের নির্মাতাদের চলচ্চিত্র প্রদর্শিত ও পুরস্কৃত হবে।












