ন্যাশনাল ডিবেট ফেস্টিভ্যাল উদ্বোধন

সরকারি মুসলিম হাই স্কুল

| শনিবার , ২২ আগস্ট, ২০২৬ at ৯:২৭ পূর্বাহ্ণ

উৎসবমুখর পরিবেশে গতকাল শুক্রবার সরকারি মুসলিম হাই স্কুল প্রাঙ্গণে শুরু হলো চতুর্থ জিএমএইচএসডিএস ন্যাশনাল ডিবেট ফেস্টিভ্যাল। দেশব্যাপী শিক্ষার্থীদের অংশগ্রহণে আয়োজিত এবারের বিতর্ক উৎসবে দুটি বিভাগে প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে২৪টি স্কুল দল নিয়ে আন্ত:স্কুল বিতর্ক প্রতিযোগিতা এবং ২০টি কলেজ দল নিয়ে আন্ত:কলেজ বিতর্ক প্রতিযোগিতা।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম মেডিকেল কলেজের সাবেক অধ্যক্ষ ডা. ইমরান বিন ইউনুস। সরকারি মুসলিম হাই স্কুলের প্রধান শিক্ষক মোরশেদুজ জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সরকারি মুসলিম হাই স্কুল প্রাক্তন ছাত্রসমিতির সহসভাপতি লায়ন মোহাম্মদ আলি এবং বাংলাদেশ ডিবেট ফেডারেশনের সভাপতি সাইফুদ্দীন মুন্না। এছাড়াও উপস্থিত ছিলেন সরকারি মুসলিম হাই স্কুল ডিবেট ক্লাবের মডারেটর এনায়েত হোসাইন ও মোহাম্মদ জালাল উদ্দিন। স্বাগত বক্তব্য দেন, সরকারি মুসলিম হাই স্কুল ডিবেট ক্লাবের সভাপতি ইহতেসামুল হক তাজওয়ার। সঞ্চালনা করেন ক্লাবের সাধারণ সম্পাদক সাদমান সারার। প্রধান অতিথি বলেন, বিতর্ক শিক্ষার্থীদের শুধু কথা বলার দক্ষতা অর্জনে সহায়তা করে না, বরং তাদের যুক্তি, বিশ্লেষণ ও সিদ্ধান্ত গ্রহণের সক্ষমতা বাড়ায়। একটি সুন্দর ও যুক্তিনির্ভর সমাজ গঠনে তরুণ প্রজন্মের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিতর্কের মতো সৃজনশীল আয়োজন শিক্ষার্থীদের নিজেদের চিন্তা ও মতামতকে সুসংগঠিতভাবে প্রকাশ করতে শেখায়। লায়ন মোহাম্মদ আলি বলেন, বিতর্ক শুধু জেতা বা হারার প্রতিযোগিতা নয়, এটি যুক্তি, জ্ঞান ও মতপ্রকাশের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। আজকের তরুণ বিতার্কিকরাই আগামী দিনের সৎ, সাহসী ও দূরদর্শী নেতৃত্ব গড়ে তুলবে।

সাইফুদ্দীন মুন্না বলেন, বিতর্ক একটি পূর্ণাঙ্গ শিক্ষণপ্রক্রিয়া। এর মাধ্যমে শিক্ষার্থীদের গবেষণার অভ্যাস, সমালোচনামূলক চিন্তাশক্তি, যুক্তি উপস্থাপনের দক্ষতা এবং দলগতভাবে কাজ করার সক্ষমতা বৃদ্ধি পায়।

সভাপতির বক্তব্যে সরকারি মুসলিম হাই স্কুলের প্রধান শিক্ষক মোরশেদুজ জামান বলেন, শিক্ষার্থীদের মেধা ও মননশীলতা বিকাশে বিতর্কের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটি শিক্ষাপ্রতিষ্ঠান শুধু পাঠ্যবইয়ের জ্ঞান অর্জনের জায়গা নয়, বরং শিক্ষার্থীদের যুক্তিবাদী, দায়িত্বশীল ও মানবিক মানুষ হিসেবে গড়ে তোলার ক্ষেত্রও। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধকাপ্তাইয়ে খামারিদের মাঝে গো-খাদ্য বিতরণ
পরবর্তী নিবন্ধলায়ন্স ক্লাব অব চিটাগাং মেট্রোপলিটনের নতুন সেবাবর্ষের কার্যক্রম শুরু