লেবাননসহ অন্যান্য যে কোনও ক্ষেত্র থেকে আসা হুমকির মুখে ইসরায়েল স্বাধীনভাবেই ব্যবস্থা নেবে বলে এক ফোন কলে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সাফ জানিয়েছেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। শনিবার যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে প্রায় সম্পন্ন হয়ে আসা চুক্তি নিয়ে ফোনে কথা বলেন দুই নেতা। খবর বিডিনিউজের।
ইসরায়েলের নাম প্রকাশে অনিচ্ছুক এক রাজনৈতিক সূত্র জানান, ট্রাম্পের সঙ্গে ওই ফোনালাপেই বেনিয়ামিন নেতানিয়াহু লেবাননসহ সব ক্ষেত্রে সমস্ত হুমকির বিরুদ্ধে স্বাধীনভাবে পদক্ষেপ নেওয়ার ওপর গুরুত্ব দেন। আর ট্রাম্পও নেতানিয়াহু এই নীতিকে সমর্থন করেন।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এর আগে জানিয়েছেন, ইরানের সঙ্গে একটি চুক্তির বিষয়ে আলোচনা প্রায় সম্পূর্ণ হয়েছে এবং এর বিস্তারিত শিগগিরই ঘোষণা করা হবে। এতে তিনমাসের ইরান যুদ্ধ জলদি একটি সমাধানে পৌঁছার আশা জেগে উঠেছে। আবার পাকিস্তানের মধ্যস্থতায় একটি চুক্তির মাধ্যমে হরমুজ প্রণালিও দ্রুত খোলার আশা সৃষ্টি হয়েছে। ইরানের ফার্স বার্তা সংস্থা বলেছে, খসড়া চুক্তিতে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র ও এর মিত্রদেশগুলো ইরানে হামলা চালাবে না এবং ইরানও পাল্টা পদক্ষেপে তাদের ওপর আগ বাড়িয়ে কোনও হামলা চালাবে না।











