হোয়াইট হাউজের কাছে গোলাগুলিতে সন্দেহভাজন বন্দুকধারী নিহত

| সোমবার , ২৫ মে, ২০২৬ at ৯:৪২ পূর্বাহ্ণ

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের দপ্তর ও বাসভবন হোয়াইট হাউজের একটি চেকপয়েন্ট লক্ষ্য করে গুলিবর্ষণকারী এক বন্দুকধারী কর্মকর্তাদের পাল্টা গুলিতে গুরুতর আহত হওয়ার পর হাসপাতালে মারা গেছেন। শনিবার ওয়াশিংটন ডিসির স্থানীয় সময় সন্ধ্যায় এ ঘটনা ঘটেছে বলে সিক্রেট সার্ভিসের বরাত দিয়ে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। খবর বিডিনিউজের।

রয়টার্সকে পাঠানো সিক্রেট সার্ভিসের বিবৃতিতে জানানো হয়, ওই ব্যক্তি হোয়াইট হাউজের কাছে সেভেনটিন্থ স্ট্রিট ও পেনসিলভ্যানিয়া অ্যাভিনিউয়ের সংযোগস্থলের চেকপয়েন্টের দিকে এগিয়ে এসে তার ব্যাগ থেকে একটি বন্দুক বের করে সেখানে থাকা কর্মকর্তাদের দিকে গুলি করতে শুরু করে। কর্মকর্তারা পাল্টা গুলি ছোড়ে আর তাতে ওই ব্যক্তি গুরুতর আহত হয়। এ সময় সেখানে এক পথচারীও গুলিবিদ্ধ হয়। তবে তার জখম কতোটা গুরুতর তা জানা যায়নি।

অন্য গণমাধ্যমগুলোতে আসা সিক্রেট সার্ভিসের আরেকটি বিবৃতিতে বলা হয়, বন্দুকধারী গুলি শুরু করার পর ওই পথচারী আহত হন, নাকি দুই পক্ষের মধ্যে গোলাগুলি চলার সময় তিনি গুলিবিদ্ধ হন, তা পরিষ্কার হয়নি। আইন প্রয়োগকারী এক কর্মকর্তা রয়টার্সকে জানিয়েছেন, সন্দেহভাজন গুলিবর্ষণকারী মানসিকভাবে বিপর্যস্ত একজন ব্যক্তি বলে শনাক্ত হয়েছেন। এর আগে তার বিরুদ্ধে একটি দূরে থাকার আদেশ জারি করা হয়েছিল। ঘটনায় আইন প্রয়োগকারী কোনো সদস্য আহত হয়নি।

ঘটনার সময় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউজেই ছিলেন। ঘটনার প্রায় এক মাস আগে ওয়াশিংটন ডিসিতে প্রেসিডেন্ট ট্রাম্পের উপস্থিতিতে হোয়াইট হাউজের সাংবাদিক সমিতির নৈশভোজ যে হোটেলে অনুষ্ঠিত হচ্ছিল সেখানে গুলিবর্ষণের ঘটনা ঘটিয়েছিল আরেক বন্দুকধারী। ওই ঘটনার সন্দেহভাজন বন্দুকধারীকে আটক করে বিচারের মুখোমুখি করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধনিরাপত্তায় হুমকির বিরুদ্ধে ইসরায়েল স্বাধীনভাবেই পদক্ষেপ নেবে
পরবর্তী নিবন্ধইউক্রেনে রাশিয়ার তুমুল হামলা, শক্তিশালী ওরেশনিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ