নিখোঁজের ১৩ ঘণ্টা পর প্রতিবেশীর ঘর থেকে শিশুর মরদেহ উদ্ধার, গ্রেপ্তার ৩

ফটিকছড়ি প্রতিনিধি | সোমবার , ১২ অক্টোবর, ২০২৬ at ৭:৫৬ পূর্বাহ্ণ

ফটিকছড়ি উত্তরে নিখোঁজ হওয়ার ১৩ ঘণ্টা পর হালিমা আক্তার নামে সাড়ে তিন বছর বয়সী এক কন্যা শিশুর লাশ উদ্ধার করেছে ভূজপুর থানা পুলিশ। এ ঘটনায় তিনজন প্রতিবেশীকে গ্রেপ্তার করেছে ভূজপুর থানা পুলিশ। গত শনিবার সকাল সাড়ে ৮টায় মেয়েটি নিখোঁজ হয় এবং রাত ৯টার দিকে উপজেলার দাঁতমারা ইউনিয়নের ৩ নং ওয়ার্ড নিচিন্তা গ্রামের হিন্দু পাড়ার পাশে আওয়ালের বাড়ি থেকে মরদেহ উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) কাজী তারেক আজিজ। নিহত শিশু হালিমা আক্তার একই এলাকার নাছির উদ্দীনের মেয়ে। নাছিরের আরো এক ছেলে ও এক মেয়ে রয়েছে। নিহত হালিমা সবার ছোট। এ ঘটনায় ভূজপুর থানার হত্যা মামলায় গ্রেপ্তারকৃত তিনজন হলেন একই এলাকার প্রতিবেশী রবিউল, আওয়াল ও আসমা।

জানা যায়, সকাল ৮টার পর নাস্তা করে খেলতে গিয়ে আর কোথাও খুঁজে না পেয়ে তার পিতা সরকারি জরুরি সেবা ৯৯৯ এর মাধ্যমে থানায় অভিযোগ করেন। পরে সন্ধ্যায় পুলিশ এসে খোঁজাখুঁজি করে বাড়ির সামনে গ্রেপ্তারকৃতদের ঘরের আলনার কোণা থেকে তার উল্টানো অবস্থায় মরদেহ উদ্ধার করে।

নিহতের পিতা নাছির উদ্দীন বলেন, সকালে সবাই একসাথে নাস্তা করে আমি ডাক্তারের কাছে গিয়েছিলাম। সকাল সাড়ে ৮টায় ফোনে জানতে পারি মেয়েকে খুঁজে পাওয়া যাচ্ছে না। পরে ৯৯৯ নম্বরে বিষয়টি অভিযোগ করি। এর দীর্ঘক্ষণ পর পুলিশ এসে খোঁজাখুঁজি করে এক পর্যায়ে আমার ঘরের সামনে প্রতিবেশীর ঘরে একটি আলনার কোণায় তার লাশ পাওয়া যায়। তাদের ঘরে আমার মেয়ে সব সময় খেলতে যেতো। অথচ সকাল থেকে যখন তাকে পাওয়া যাচ্ছিলো না আমরা তাদের ঘরে কয়েকবার খুঁজতে গিয়েছি। কিন্তু তারা অস্বীকার করে উল্টো বলে বাইরে খুঁজতে। তাদের সাথে আমার বাবার ক্রয়কৃত একটি জায়গা নিয়ে দীর্ঘদিনের বিরোধ ছিলো। আমি হত্যাকারীদের ফাঁসি চাই।

বিষয়টি নিশ্চিত করে ভূজপুর থানার অফিসার ইনচার্জ বিপুল চন্দ্র দে বলেন, খবর পেয়ে পুলিশ প্রতিবেশীর ঘর থেকে ওই শিশুর লাশ উদ্ধার করে। ওই ঘরে বসবাসকারী তিনজনকে গ্রেপ্তারের পর তাদের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে। নিহত শিশু মেয়েটির অবস্থা দেখে বুঝা যাচ্ছে তাকে হত্যা করা হয়েছে। তদন্তের পর হত্যাকাণ্ডের ঘটনা জানা যাবে।

পূর্ববর্তী নিবন্ধঢাকা থেকে আরও ৮ ফ্লাইট বাতিল
পরবর্তী নিবন্ধতিন ভবন সিলগালা, পাঁচটির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন