চিটাগাং উইম্যান চেম্বারের উদ্যোগে বাংলাদেশ ব্যাংক ও আইএলও প্রোগ্রেস প্রজেক্টের সহযোগিতায় আগামী ৫ মে থেকে ১৫তম আন্তর্জাতিক উইম্যান এসএমই বাণিজ্য মেলা প্রাঙ্গণে শুরু হতে যাওয়া ৭ম এসএমই ব্যাংকিং ম্যাচমেকিং ফেয়ারের প্রস্তুতি সভা গত ২৬ এপ্রিল উইম্যান চেম্বারের সেমিনার হলে অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ ব্যাংক, চট্টগ্রামের পরিচালক মোহাম্মদ আশিকুর রহমান নারী উদ্যোক্তাদের সক্ষমতা বৃদ্ধি ও আর্থিক অন্তর্ভুক্তিকরণের ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, নারী উদ্যোক্তাদের ঋণ প্রাপ্তির ক্ষেত্রে ‘পূর্ব প্রস্তুতি’ অত্যন্ত জরুরি। কেবল ঋণ প্রদানই যথেষ্ট নয়, বরং মাঠপর্যায়ের কাজের মাধ্যমে উদ্যোক্তাদের সচেতন করা প্রয়োজন। এছাড়া অনুমানের ওপর ভিত্তি করে ব্যবসা না করে সঠিক ব্যবসায়িক পরিকল্পনা ও ঝুঁকি ব্যবস্থাপনার মাধ্যমে বিনিয়োগের প্রতিদান নিশ্চিত করার আহ্বান জানান তিনি।
সভাপতির বক্তব্যে সিডব্লিউসিসিআই’র প্রেসিডেন্ট আবিদা মোস্তফা নারী উদ্যোক্তাদের ব্যাংকিং ভীতি দূর করা এবং স্পট অ্যাসেসমেন্টের মাধ্যমে ঋণের পথ সুগম করাকে মেলার মূল লক্ষ্য হিসেবে উল্লেখ করেন। সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ডা. মুনাল মাহবুব তাঁর বক্তব্যে নারী উদ্যোক্তাদের ব্যবসায়িক ঝুঁকির বিষয়ে সতর্ক করে বলেন, অনুমানের ওপর ভিত্তি করে ব্যবসা না করে নারী উদ্যোক্তাদের ঝুঁকি ব্যবস্থাপনা ও সঠিক হিসাব–নিকাশের মাধ্যমে ব্যবসায়িক লস বা ক্ষতির পরিমাণ কমিয়ে আনতে হবে। সিনিয়র ভাইস প্রেসিডেন্ট লুৎমিলা ফরিদ তার স্বাগত বক্তব্যে সফলতার জন্য সঠিক মাইন্ডসেট ও ক্যাটাগরি অনুযায়ী বিশেষায়িত প্রশিক্ষণের ওপর জোর দেন। অন্যদের মাঝে বক্তব্য দেন, ব্যাংক এশিয়ার হেড অব চট্টগ্রাম এবং ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট সালমা রহমান, এবি ব্যাংকের শাখা ব্যবস্থাপক এবং এঙিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মো. জাহেদুল আলম, মমতার সহকারী প্রধান নির্বাহী মোহাম্মদ শাহরিয়ার এবং বনফুল সোশ্যাল ওয়েলফেয়ারের নির্বাহী পরিচালক রাজিয়া বেগম। প্রেস বিজ্ঞপ্তি।














