নবগঠিত ফটিকছড়ি উত্তর উপজেলা সদর যৌক্তিক স্থানে স্থাপনের দাবিতে হরতাল পালিত

ফটিকছড়ি প্রতিনিধি | মঙ্গলবার , ২৮ জুলাই, ২০২৬ at ৫:২৮ পূর্বাহ্ণ

নবগঠিত ফটিকছড়ি উত্তর উপজেলা সদর যৌক্তিক স্থানে স্থাপনের দাবিতে ফটিকছড়ির ৩ ইউনিয়নে ৪৮ ঘন্টার হরতাল পালিত হয়েছে। গতকাল শেষ দিনেও হরতালে জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ দেখা গেছে।

গত ১ জুলাই ফটিকছড়ি উত্তর উপজেলার নাম ও সদর দপ্তর হিসাবে পশ্চিম ভূজপুর মৌজার স্থান নির্ধারণ করে গেজেট প্রকাশের পর থেকেই মধ্যবর্তী স্থানে সদর স্থাপনের দাবিতেই মূলত নতুন উপজেলার অন্তর্ভুক্ত ছয়টি ইউনিয়নের তিনটিতে এবং নতুন উপজেলায় অন্তর্ভুক্ত না হতে চেয়ে চলছে হরতালসহ নানা কর্মসূচি। গতকাল সকালে বাগানবাজার ইউনিয়নের সোনাইপুল, মীরসরাইয়ের সীমানাঘেঁষা বালুটিলা ও নারায়ণহাট ইউনিয়নের ভূজপুর সীমানায় অন্তত ত্রিশটি স্পটে হরতাল সমর্থকরা সড়কে অবস্থান করেন।

চট্টগ্রামের নবগঠিত উপজেলা ফটিকছড়ি উত্তরের সদর দপ্তর মধ্যবর্তী যৌক্তিক স্থানে স্থাপন নিয়ে ৩ ইউনিয়নে ৪৮ ঘণ্টা হরতালের এই কর্মসূচি আহ্বান করে উপজেলা বাস্তবায়ন পরিষদ। তবে প্রশাসনের অনুরোধে ছয় ঘণ্টা কমিয়ে এনে গত রাত বারোটায় হরতাল কর্মসূচি সম্পন্ন করা হয়েছে বলে জানিয়েছেন আন্দোলনের সমন্বয়ক ও বিজিএমইএর সহসভাপতি রাকিবুল আলম চৌধুরী।

হরতাল চলাকালে গতকাল বিকেলে হেঁয়াকো বাজারের জিরোপয়েন্টে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে উপজেলা সদর বাস্তবায়ন পরিষদের আহবায়ক একরামুল হক বাবুল চেয়ারম্যান, সদস্য সচিব নুরুল আমিন, সমন্বয়ক ও বিজিএমইএ সহসভাপতি রাকিবুল আলম চৌধুরী, হাসান মুহাম্মদ শামসুদ্দিন বোরহান মেম্বার, শেখ মনির হায়দার, ইলিয়াস মেম্বার ছাত্রনেতা শাহেদ চৌধুরী, শহিদুল ইসলাম, আবুল খায়ের, নুরুল আলম নুরু, এবিএম সিদ্দিক, সেলিম মজুমদার, মহিউদ্দিন মেম্বার প্রমুখ বক্তব্য রাখেন।

পূর্ববর্তী নিবন্ধকাদা মাড়িয়ে দূর গ্রাম থেকে সুপেয় পানি সংগ্রহ
পরবর্তী নিবন্ধরোটারি ক্লাব অফ এংকর সিটির নিয়মিত সভা