চট্টগ্রাম নগরীতে বিশেষ অভিযানে ১৭৫ গ্রাম ক্রিস্টাল আইসসহ (মেথামফেটামিন) ফটিকছড়ির দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে সিএমপির ডিবি (উত্তর) বিভাগের টিম–৩১। গত সোমবার নগরীর পাঁচলাইশ থানার ২নং গেট এলাকায় অবস্থিত ফিনলে স্কয়ার ভবনের ৭ম তলায় ‘ক্রিয়েটর্স হাব’ থেকে অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। গোপন সূত্রে খবর পেয়ে ডিবি (উত্তর) বিভাগের পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মো. আফতাব হোসেনের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, ফটিকছড়ি পৌরসভার ৫নং ওয়ার্ডের পরান চৌধুরী বাড়ির মো. সেলিমের ছেলে মো. সাজ্জাদুল রহমান সাকিব (২৭), বর্তমানে বায়েজিদ বোস্তামী এলাকায় বসবাসরত ও লেলাং ইউনিয়নের ৬নং ওয়ার্ড শাহনগর সমতুল ফকিরের বাড়ির মৃত ফজলুর রহমানের ছেলে মো. আবু ফয়সাল (২৬), বর্তমানে হাটহাজারী এলাকায় বসবাসরত।
পুলিশ জানিয়েছে, অভিযানের সময় ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে গ্রেপ্তারকৃতরা পালানোর চেষ্টা করলে আভিযানিক দল তাদের ধাওয়া করে ধরে ফেলে। এ সময় তাদের হেফাজত থেকে ১৭৫ গ্রাম সাদা রঙের ক্রিস্টাল আইস উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ১৭ লাখ ৫০ হাজার টাকা।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, তারা ফটিকছড়ির এক ওমান প্রবাসী মাদক কারবারি চক্রের মাধ্যমে এসব মাদক সংগ্রহ করে নগরীতে বিক্রির উদ্দেশ্যে অবৈধভাবে পরিবহন করছিল। ডিবি সূত্রে আরও জানা যায়, গ্রেপ্তার সাকিব দীর্ঘদিন ধরে এই মাদক চক্রের সাথে জড়িত এবং নগরীতে আইস সরবরাহে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছিল। এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।













