ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে শিশির মনিরের বিরুদ্ধে মামলা

| সোমবার , ৮ ডিসেম্বর, ২০২৫ at ১০:৩৬ পূর্বাহ্ণ

রোজা ও পূজাকে মুদ্রার ‘এপিঠ–ওপিঠ’ মন্তব্য করে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে আইনজীবী শিশির মনিরের বিরুদ্ধে মামলা হয়েছে। ঢাকা আইনজীবী সমিতির সদস্য রিদওয়ান হোসেন রবিন গতকাল রোববার ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালতে এ মামলা করেন। আবেদনে ‘ডিএসএন’ নামে একটি ইউটিউব চ্যানেলকেও বিবাদী করা হয়েছে। খবর বিডিনিউজের।

সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী নাজমুল তালুকদার বলেন, আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে আদেশ অপেক্ষমাণ রাখে। এরপর বিকালে অভিযোগের বিষয়ে ডিবি পুলিশকে তদন্ত করে প্রতিবেদন জমা দেওয়ার আদেশ দেয়। জামায়াত নেতা শিশির মনির ত্রয়োদশ সংসদ নির্বাচনে সুনামগঞ্জ–২ আসনে মনোনয়ন প্রত্যাশী।

মামলার অভিযোগে বলা হয়েছে, দেশের মোট জনসংখ্যার প্রায় ৯১ শতাংশ মুসলমান। ইসলাম ধর্মে বিশ্বাসী জনগণের কাছে ধর্ম এবং ধর্মীয় রীতিনীতি একটি স্পর্শকাতর বিষয়। মুসলমানদের বিশ্বাস, আল্লাহর কোনো আকার নেই। সেই নিরাকার আল্লাহর সন্তুষ্টির জন্য তারা রোজা রাখেন। যার পুরষ্কার আল্লাহ নিজের হাতে দেবেন। আর সামপ্রাদায়িক সমপ্রীতির বাংলাদেশে সনাতন ধর্মাবলম্বীরা তাদের দেব–দেবীর আকৃতি প্রদান করে তাদের পূজা করেন। সুতরাং রোজাকে পূজার সঙ্গে কখনই একত্রে উদাহরণ হিসাবেও ব্যবহার করাকে মুসলিম ধর্মাবলম্বীরা গ্রহণ করবেন না। বরং এমন উদাহরণ বিশৃঙ্খলা ও উদ্বেগের জন্ম দেবে।

অভিযোগে বলা হয়, শিশির মনির যে মন্তব্য করেছেন, তা ইউটিউব চ্যানেল ‘ডিএসএন’ প্রচার করেছে। ‘শিশির মনির ইচ্ছাকৃতভাবে রাজনৈতিক ফায়দা লাভের চেষ্টায় ‘রোজা ও পূজাকে একই মুদ্রার এপিঠ–ওপিঠ’ হিসেবে মন্তব্য করেন, যা দেশের মুসলিম জনসাধারণের ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার পাশাপাশি ধর্মপ্রাণ মুসলমানদের মধ্যে বিশৃঙ্খলার সৃষ্টি করেছে।’ এ বিষয়ে বক্তব্য নিতে শিশির মনিরকে দুবার ফোন করা হয়। কিন্তু তিনি কোনোবারই ফোন ধরেননি।

পূর্ববর্তী নিবন্ধকৌতুক কণিকা
পরবর্তী নিবন্ধনির্বাচনী এলাকায় গিয়ে তোপের মুখে এবি পার্টির ফুয়াদ