দেশের সকল বেসরকারি দাখিল ও আলিম মাদ্রাসার বিদ্যমান ম্যানেজিং কমিটি ও গভর্নিং বডি পুনর্গঠনের নির্দেশনা দিয়েছে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড। একই সঙ্গে এসব প্রতিষ্ঠানে দ্রুততম সময়ে অ্যাডহক কমিটি গঠনের অনুমতির জন্য নির্দেশ দেওয়া হয়েছে। গতকাল মঙ্গলবার বোর্ডের এক নির্দেশনায় এ তথ্য জানানো হয়। প্রধানমন্ত্রীর কার্যালয় ও শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের নির্দেশনার আলোকে ‘মাদ্রাসা শিক্ষা বোর্ড (দাখিল ও আলিম স্তরের বেসরকারি মাদ্রাসার গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি) প্রবিধানমালা, ২০২৫ (সংশোধিত)’ অনুযায়ী এই নির্দেশনা জারি করা হয়। খবর বাসসের। নির্দেশনায় সভাপতি মনোনয়নের বিষয়ে বলা হয়েছে, সংশ্লিষ্ট মাদ্রাসা প্রধান স্থানীয় উপজেলা নির্বাহী অফিসার ও জেলা প্রশাসকের মাধ্যমে শিক্ষানুরাগী ব্যক্তি, খ্যাতিমান সমাজসেবক, জনপ্রতিনিধি অথবা কর্মরত বা অবসরপ্রাপ্ত ৯ম গ্রেড বা তদূর্ধ্ব পদমর্যাদার সরকারি কর্মচারীদের মধ্য থেকে ৩ জনের একটি তালিকা প্রস্তুত করবেন।













