ইমারত নির্মাণ বিধিমালা অনুসরণ না করায় নগরীর বাকলিয়া ও বায়েজিদ থানা এলাকায় অভিযান চালিয়েছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ)। এ সময় পাঁচটি ভবনে অভিযান চালানো হয়। এর মধ্যে দুটি ভবন সিলগালা করা হয়েছে এবং বিভিন্ন অনিয়মের দায়ে মোট সাড়ে ৯ লাখ টাকা জরিমানা করা হয়েছে। অভিযানে বাণিজ্যিক প্রতিষ্ঠান ব্র্যান্ড বাকেটকে একাই ৮ লাখ টাকা জরিমানা করা হয়।
গতকাল মঙ্গলবার সিডিএর স্পেশাল ম্যাজিস্ট্রেট (যুগ্ম জেলা ও দায়রা জজ) হামীমুন তানজীনের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে সিডিএর অথরাইজড অফিসার–১ কাজী কাদের নেওয়াজসহ সিডিএর সংশ্লিষ্ট কর্মকর্তা–কর্মচারীরা উপস্থিত ছিলেন।
নগরীতে ভবন নির্মাণের ক্ষেত্রে নির্ধারিত বিধিবিধান প্রতিপালন নিশ্চিত করার লক্ষ্যে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ইমারত নির্মাণ বিধিমালা অনুসরণ না করার বিষয়টি বিবেচনায় নিয়ে সংশ্লিষ্ট ভবন ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়।
সিডিএর চেয়ারম্যান ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন বলেন, চট্টগ্রাম মহানগরীর পরিকল্পিত উন্নয়ন নিশ্চিত করতে ইমারত নির্মাণ বিধিমালা যথাযথভাবে অনুসরণ করা অত্যন্ত জরুরি। ভবন নির্মাণে বিধিবিধান লঙ্ঘনের সুযোগ নেই। তিনি বলেন, ভবন মালিক ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে নির্মাণকাজের প্রতিটি পর্যায়ে অনুমোদিত নকশা ও প্রযোজ্য বিধিমালা মেনে চলতে হবে। এক্ষেত্রে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।












