বিয়ে করেছিলেন দুই মাস আগে। প্রবাস থেকে দেশে ফিরে নববধূকে ঘরে তুলেছিলেন রাউজানের গহিরা ইউনিয়নের কোতোয়ালীঘোনা গ্রামের খোরশেদ আলম (২৫)। আগামী ১৪ অক্টোবর তার প্রবাসে ফিরে যাওয়ার কথা ছিল। এরই মধ্যে গতকাল শুক্রবার চট্টগ্রাম–রাঙামাটি সড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন তিনি। এ ঘটনায় আহত হয়েছেন তার নববিবাহিত স্ত্রী। গতকাল বিকেল সাড়ে তিনটার দিকে রাউজানের বেরুলীয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, খোরশেদ তার স্ত্রীকে নিয়ে একটি কমিউনিটি সেন্টারে চাচাতো বোনের বিয়ের অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন। অনুষ্ঠান শেষে স্ত্রীকে মোটরসাইকেলের পেছনে বসিয়ে বাড়ি ফিরছিলেন তিনি। পথে গহিরা চৌমুহনীর আগে নবীন সেন স্কুলের বাঁকে মোটরসাইকেলটির নিয়ন্ত্রণ হারান খোরশেদ। এতে মোটরসাইকেলটি সড়কের বিভাজকের ওপর আছড়ে পড়ে। এ সময় দুজনই ছিটকে সড়কে পড়ে যান।
প্রত্যক্ষদর্শীরা তাদের উদ্ধার করে কাছের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক খোরশেদকে মৃত ঘোষণা করেন। আহত তার স্ত্রীকে হাসপাতালে ভর্তি করা হয়। হাইওয়ে থানার উপপরিদর্শক শাহজাহান জানান, পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
নিহত খোরশেদের স্বজনেরা জানান, চলতি মাসের ১৪ তারিখ তার প্রবাসে ফিরে যাওয়ার কথা ছিল। সে অনুযায়ী প্রস্তুতিও নিয়েছিলেন তিনি। কিন্তু তার আগেই সড়ক দুর্ঘটনায় তার মৃত্যু হলো। খোরশেদ আলম গহিরা ইউনিয়নের কোতোয়ালীঘোনা এলাকার আবুল খায়েরের ছেলে।











