নাট্যম রেপার্টরির প্রথম প্রযোজনা ‘দমের মাদার’ নাটকের ৮০তম প্রদর্শনী ঘিরে তিন দিনের উৎসবের আয়োজন করেছে দলটি। ‘দমের মাদার নাট্যোৎসব ৮০ তে যাত্রা’ শিরোনামের এই আয়োজনটি গতকাল শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে শুরু হয়েছে। এ আয়োজন চলবে শুক্রবার পর্যন্ত।
নাট্যম জানিয়েছে, গতকাল সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে হয় নাটকটির ৭৬তম প্রদর্শনী। ৭ মে বিকেল সাড়ে ৫টায় এবং সন্ধ্যা সাড়ে ৭টায় হবে ৭৭ ও ৭৮তম প্রদর্শনী এবং শেষ দিন ৮ মে একই সময়ে হবে নাটকটির ৭৯ ও ৮০তম প্রদর্শনী। ‘দমের মাদার’ রচনা করেছেন সাধনা আহমেদ, নির্দেশনা দিয়েছেন আইরিন পারভীন লোপা। অভিনয়ে আছেন শিশির রহমান, পারভীন পারু, শামীমা আক্তার মুক্তা, শুভাশীষ দত্ত তন্ময়, ফজলে রাব্বি সুকর্ণ, জান্নাতুল ফেরদৌস, তারক নাথ দাস, তাহমিনা খাতুন, অমিতাভ রাজীব, ইভানা মেঘলা, মনোহর চন্দ্র দাশ, শাকিল আহমেদ, মো. শরিফুল ইসলাম মামুনসহ অনেকে। খবর বিডিনিউজের।
মাদার পীরের আখ্যান অবলম্বনে রচিত এ নাটকে উঠে এসেছে বাংলার লোকরীতিভিত্তিক মাদার পীরের পালাগান। এমন একটি সম্প্রদায়কে ঘিরেই নাটকের কাহিনির সূত্রপাত ঘটে। উত্তরাধিকার সূত্রে মাদার বন্দনার প্রধান জরিনা বিবি বছরের পর বছর পালন করে চলছেন মাদারের সব আনুষ্ঠানিকতা। এলাকার প্রভাবশালী ব্যক্তি চৌধুরীর দৃষ্টি পড়ে জরিনার ভূসম্পত্তি ও তালুকের ওপর। কিন্তু মাদার ভক্তদের একতার ভয়ে এবং মাদারের অলৌকিক শক্তি সম্পর্কে প্রচলিত জনমতের কারণে চৌধুরী সুবিধা করতে পারে না। তাই সে বিধবা জরিনা বিবির নাতনির সঙ্গে নিজের প্রতিবন্ধী নাতির বিয়ের ফন্দি আঁটে। কিন্তু জরিনা তাতে রাজি হন না।
শুরু হয় দ্বন্দ্ব। জরিনাকে ধর্মবিরোধী আখ্যা দেন চৌধুরী। অন্যদিকে, জরিনা বিবির নাতনি নূর বানুর প্রেমে পড়েন মাদার বন্দনার প্রধান গায়েন হারুন। নূর বানু উপলব্ধি করেন, নিজের অজান্তেই গভীরভাবে হারুনকে ভালোবেসে ফেলেছেন তিনি। দমের সাধক নূর বানু তাই স্বেচ্ছায় মৃত্যুবরণ করেন। তার মৃত্যুতে নেমে আসে করুণ পরিণতি।
নাটকটি নিয়ে আইরিন পারভীন লোপা বলেন, ২০১০ সালে আমরা কয়েকজন সমমনা নাট্যকর্মী নাট্যম রেপার্টরি প্রতিষ্ঠার পর ভাবলাম বাংলাদেশের লোকজ কোনো আঙ্গিককে নাগরিক মানুষদের সামনে উপস্থাপন করা যায়। সেই পরিকল্পনা থেকে তৈরি হলো দমের মাদার। মাদারপীরের এই আখ্যান মূলত মিথ। গত ১৬ বছরে দমের মাদার নিয়ে ১৬টি আন্তর্জাতিক নাট্যোৎসবে অংশ নিয়েছি। অবশেষে নাটকটির ৮০তম প্রদর্শনী সম্পন্ন হতে যাচ্ছে।














