দক্ষিণ হালিশহর স্কুলে আইটি শিক্ষা সচেতনতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান

| সোমবার , ১৫ জুন, ২০২৬ at ১০:৫৮ পূর্বাহ্ণ

তরুণ প্রজন্মকে তথ্যপ্রযুক্তি শিক্ষায় আগ্রহী করে তোলা, ডিজিটাল দক্ষতা বৃদ্ধি এবং শিক্ষার্থীদের মেধার স্বীকৃতি প্রদানের লক্ষ্যে আইটি ব্রিজের উদ্যোগে নগরীর দক্ষিণ হালিশহর স্কুলে এক বর্ণাঢ্য আইটি শিক্ষা সচেতনতামূলক মেধা সম্মাননা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান গত শনিবার অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে চট্টগ্রামের ১০টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক এবং বিশিষ্ট অতিথিবৃন্দ অংশগ্রহণ করেন। পবিত্র কুরআন তেলাওয়াত ও জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়। শিক্ষার্থীদের শিক্ষার পাশাপাশি প্রযুক্তি শিক্ষায় উৎসাহিত করার ক্ষেত্রে তাঁদের গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে এ সম্মাননা তুলে দেওয়া হয়। বক্তব্য পর্বে বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও শিক্ষাবিদরা বলেন, চতুর্থ শিল্পবিপ্লবের যুগে শিক্ষার্থীদের প্রযুক্তিগত দক্ষতা অর্জনের কোনো বিকল্প নেই। তারা শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনার পাশাপাশি প্রোগ্রামিং, গ্রাফিক ডিজাইন, ওয়েব ডেভেলপমেন্ট, ডিজিটাল মার্কেটিংসহ বিভিন্ন আইটি বিষয়ে দক্ষতা অর্জনের আহ্বান জানান। অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল মেধা সম্মাননা ও পুরস্কার বিতরণী পর্ব। বিভিন্ন ক্যাটাগরিতে কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনকারী শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক, সনদপত্র ও পুরস্কার তুলে দেওয়া হয়। পাশাপাশি আইটি শিক্ষায় আগ্রহী শিক্ষার্থীদের প্রযুক্তিনির্ভর ভবিষ্যৎ গঠনে উদ্বুদ্ধ করা হয়।

সমাপনী বক্তব্যে আইটি ব্রিজের সিইও টিটু দেব বলেন, “আমরা চাই শিক্ষার্থীরা শুধু পরীক্ষার ফলাফলে নয়, প্রযুক্তিগত দক্ষতায়ও এগিয়ে থাকুক। ভবিষ্যতের কর্মক্ষেত্রে সফল হতে হলে আইটি শিক্ষা ও ডিজিটাল দক্ষতা অর্জন অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধসরকার পুঁজিবাজারকে ফিনান্সিয়াল মার্কেট ইকোসিস্টেম হিসেবে গড়ে তুলতে চায়
পরবর্তী নিবন্ধপশ্চিম গুজরা ইউনিয়ন পরিষদের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন