থানচিতে বিজিবির অভিযানে ৯৯ রাউন্ড গোলাবারুদ উদ্ধার

বান্দরবান প্রতিনিধি | রবিবার , ২৯ নভেম্বর, ২০২৬ at ১০:০৪ পূর্বাহ্ণ

বান্দরবানের থানচিতে দুর্গম পাহাড়ি এলাকায় ৯৯ রাউন্ড গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। গতকাল শনিবার সন্ধ্যায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) বিষয়টি নিশ্চিত করেছে।

বিজিবি জানায়, গতকাল শনিবার দুপুরে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে থানচি উপজেলার তীন্দু ইউনিয়নের দুর্গম টেন্ডুমুখ বিজিবি ক্যাম্প ও নৌপোস্টের পেছনের দুর্গম পাহাড়ি এলাকায় বিজিবির একটি বিশেষ টহল দল অভিযান শুরু করে। দীর্ঘ সময় তল্লাশি চালানোর পর পাহাড়ের ঢালে একটি বাঁশঝাড়ের মধ্যে অত্যন্ত গোপনে লুকিয়ে রাখা ৯৯ রাউন্ড ক্ষুদ্রাস্ত্রের গোলাবারুদ উদ্ধার করা হয়। বিজিবির দাবি, উদ্ধার করা গোলাবারুদগুলো আঞ্চলিক সশস্ত্র গোষ্ঠীর কাছে সরবরাহের উদ্দেশ্যে সেখানে মজুত রাখা হয়েছিল। এ ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে বিজিবির তৎপরতা অব্যাহত রয়েছে।

বিষয়টি নিশ্চিত করে ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. ইয়াসির আরাফাত হোসেন বলেন, ঘটনাস্থলসহ সীমান্তে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি, আন্তঃইউনিট সমন্বয় ও ধারাবাহিক অভিযান পরিচালনার মাধ্যমে পার্বত্য অঞ্চলে অবৈধ অস্ত্র ও গোলাবারুদের বিস্তার রোধ এবং সার্বিক নিরাপত্তা ও স্থিতিশীলতা বজায় রাখতে বিজিবির অভিযান অব্যাহত থাকবে।

পূর্ববর্তী নিবন্ধইউপি ভোট : দলের সঙ্গে ইসির সংলাপ শুরু আজ
পরবর্তী নিবন্ধচকরিয়ায় আগুনে পুড়ল ১৫ ব্যবসা প্রতিষ্ঠান