বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী বলেছেন, আমরা বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি। গতকাল বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এ কথা বলেন। খবর বাংলানিউজ ও বিডিনিউজের।
এর আগে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে প্রথমবারের মতো বৈঠক করেন দীনেশ ত্রিবেদী। বৈঠক শেষে সাংবাদিকরা জানতে চান, ভারতে অনুষ্ঠেয় ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমন্ত্রণ জানানো হয়েছে। এ বিষয়ে বৈঠকে কোনো আলোচনা হয়েছে কি না। জবাবে ভারতীয় হাইকমিশনার বলেন, আমার মনে হয়, ওটা বাংলাদেশের প্রধানমন্ত্রীর একান্ত এখতিয়ার।
তবে আমাদের দিক থেকে আমি আপনাদের নিশ্চিত করে বলতে পারি, আমরা বাংলাদেশের প্রধানমন্ত্রীর ভারত সফরের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি। আমি নিশ্চিত, অদূর ভবিষ্যতে এটি ঘটবে। আমরা অত্যন্ত আশাবাদী এবং আমরা সবাই এর জন্য অপেক্ষায় আছি।
বিডিনিউজ জানায় : দুই দেশের জনগণের যাতে মঙ্গল হয়, সেভাবেই তিস্তা ও গঙ্গার পানিবণ্টন চুক্তি নিয়ে অগ্রসর হওয়ার আশা দেখালেন ঢাকায় ভারতীয় হাই কমিশনার দীনেশ ত্রিবেদী। তিনি বলেছেন, এমন কোনো সমস্যা নাই, যেটা পারস্পরিক বোঝাপড়ার মধ্য দিয়ে সমাধান করা যাবে না। বহু বছর ধরে আটকে থাকা তিস্তার পানিবণ্টন চুক্তি নিয়ে প্রশ্ন করলে ভারতীয় দূত বলেন, এটা সৌজন্য সাক্ষাৎ ছিল। সৌজন্য সাক্ষাতে দেখা সাক্ষাৎ হয়। দিন শেষে বিষয়টা হল জনগণ থেকে জনগণের, যেটা দুই গণতান্ত্রিক দেশ এবং জনগণের জন্য উপকার হয়, সেটাই।
গঙ্গা চুক্তির নবায়ন প্রসঙ্গে আরেক প্রশ্নের উত্তরে তিনি বলেন, আজকে এটা বলতে পারি, এটা নিয়ে ওদের একটা ওয়ার্কিং গ্রুপ আছে। ওখানে আমাদের ভারতীয়রাও আছে, বাংলাদেশও আছে। ওয়ার্কিং গ্রুপের নিশ্চয় মেলামেশা হবে। আমি যেভাবে বলেছি, এমন কোনো ইস্যু নেই, যেটা সমাধান করা যাবে না। ওয়ার্কিং গ্রুপ নিশ্চয় সক্রিয়ভাবে তাদের কাজ করে যাবে। দুদেশের জনগণের জন্য যেটা উপকারী, সেটা নিশ্চয় হবে।











