টানা তৃতীয়বারের মতো সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জয়ের লক্ষ্যে ভারতে যাচ্ছে বাংলাদেশ নারী ফুটবল দল। তবে শিরোপা ধরে রাখার এই মিশনে চেনা মুখের চেয়ে নতুনদের ওপরই বেশি আস্থা রাখছেন প্রধান কোচ পিটার জেমস বাটলার। ফর্মহীনতা ও কোচের নির্দেশ অমান্য করার কড়া মাশুল দিয়ে আসন্ন টুর্নামেন্টের দল থেকে বাদ পড়েছেন অভিজ্ঞ মিডফিল্ডার স্বপ্না রানী মন্ডল ও মুনকি আক্তার। আগের আসরগুলোর সফল ১০ জন খেলোয়াড় ছাড়াই এবার গোয়ায় হ্যাটট্রিক শিরোপার চ্যালেঞ্জ নিতে যাচ্ছে বাংলাদেশ। দল নির্বাচন নিয়ে সবচেয়ে বড় চমক মূলত অভিজ্ঞদের বাদ দেওয়া এবং বয়সভিত্তিক দল থেকে নতুনদের তুলে আনা। ২০২২ ও ২০২৪ সালে নেপালের মাটিতে বাংলাদেশের সাফ জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল স্বপ্নার। সর্বশেষ আসরে খেলেছিলেন মুনকিও। কিন্তু এবার তাদের ছাড়াই দল সাজানো হয়েছে। এই দুই ফুটবলারকে বাদ দেওয়ার পেছনে কোচের সোজাসাপ্টা যুক্তি, ‘খারাপ পারফরম্যান্স’। ফর্মহীনতার কারণে সিনিয়র দলের নিয়মিত মুখ মিডফিল্ডার পূজা দাসকেও স্কোয়াডের বাইরে রাখা হয়েছে। অন্যদিকে ইনজুরির কারণে কপাল পুড়েছে ডিফেন্ডার নবিরণ খাতুনের। তবে হতাশার এই খবরের বিপরীতে বয়সভিত্তিক দলে আলো ছড়িয়ে প্রথমবারের মতো মূল স্কোয়াডে জায়গা করে নিয়েছেন ডিফেন্ডার অর্পিতা বিশ্বাস ও মমিতা খাতুন। স্কোয়াডে আছেন অস্ট্রেলিয়ায় খেলা সুইডেন প্রবাসী ফুটবলার আনিকা রানিয়া সিদ্দিকীও। এবারের দলটিতে গত সাফের স্কোয়াড থেকে মোট ১০ জন খেলোয়াড় নেই। গত সাফের পর থেকেই কোচের গুডবুক থেকে ছিটকে যাওয়া সাবিনা খাতুন, কৃষ্ণা রানী সরকার, মাসুরা পারভীন, সানজিদা আক্তার ও সুমাইয়া মাতসুশিমার মতো তারকারা যে সাফের দলে থাকছেন না, তা একপ্রকার অনুমেয়ই ছিল। দলে এত ব্যাপক পরিবর্তন সত্ত্বেও খেলোয়াড়দের নিয়ে দারুণ আশাবাদী অধিনায়ক আফঈদা খন্দকার। তিনি মনে করেন, দীর্ঘ সময় একসঙ্গে ক্যাম্প করায় খেলোয়াড়দের মধ্যে বোঝাপড়া এখন চমৎকার পর্যায়ে রয়েছে। নতুন–পুরনো মিলিয়ে দলগত পারফরম্যান্স দিয়ে ভালো কিছু উপহার দেওয়ার ব্যাপারে আত্মবিশ্বাসী লাল–সবুজের এই অধিনায়ক। বুধবার বাফুফে আয়োজিত সংবাদ সম্মেলনে এই স্কোয়াড ঘোষণা করা হয়। দেশে অনুশীলন শেষে থাইল্যান্ডে দুই সপ্তাহের একটি নিবিড় ক্যাম্প করবে দল। টুর্নামেন্টের প্রস্তুতি নিতে আজই থাইল্যান্ডের ব্যাংককের উদ্দেশে দেশ ছাড়ছে বাংলাদেশ নারী ফুটবল দল।সেখানে দুটি প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ। সেখান থেকেই সরাসরি গোয়ার উদ্দেশ্যে রওনা হবেন মনিকা–সাগরিকারা। আগামী ২৫ মে ভারতের গোয়ায় শুরু হতে যাচ্ছে সাফ টুর্নামেন্ট। দুই গ্রুপে ভাগ হয়ে এবারের প্রতিযোগিতায় অংশ নিচ্ছে মোট ৬টি দল। সাফের জন্য ঘোষিত ২৩ সদস্যের বাংলাদেশ স্কোয়াডে রয়েছেন: রুপনা চাকমা, মিলি আক্তার, সুরমা জান্নাত, হালিমা আক্তার, সুরভী আক্তার আরফিন, উন্নতি খাতুন, অর্পিতা বিশ্বাস, মোসাম্মৎ মমিতা খাতুন, উমেহ্লা মারমা, আনিকা রানিয়া সিদ্দিকী, সৌরভী আকন্দ প্রীতি, স্বর্ণা রানী মন্ডল, আফঈদা খন্দকার, কোহাতি কিসকু, শামসুন্নাহার জুনিয়র, শামসুন্নাহার সিনিয়র, মারিয়া মান্দা, মনিকা চাকমা, শাহেদা আক্তার রিপা, ঋতুপর্ণা চাকমা, মোসাম্মৎ সাগরিকা, তহুরা খাতুন এবং শিউলি আজিম।













