নগরীর ডবলমুরিং থানা থেকে ২০২৪ সালের ৫ আগস্ট লুট হওয়া একটি টরাস পিস্তল, দুটি অতিরিক্ত খালি ম্যাগজিন ও আট রাউন্ড তাজা গুলি উদ্ধার করেছে পুলিশ। গতকাল শনিবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে আগ্রাবাদ সরকারি কমার্স কলেজের পাশের একটি পরিত্যক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের দ্বিতীয় তলায় অভিযান চালিয়ে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।
ডবলমুরিং মডেল থানার ওসি আরিফ ফয়সলের নেতৃত্বে পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে। অভিযানে ভবনটির দ্বিতীয় তলায় একটি কালো রঙের শপিং ব্যাগের ভেতর থেকে ম্যাগাজিনসহ একটি টরাস পিস্তল, দুটি অতিরিক্ত খালি ম্যাগাজিন ও আট রাউন্ড তাজা গুলি পাওয়া যায়। পুলিশ জানায়, উদ্ধার করা পিস্তলটি ২০২৪ সালের ৫ আগস্ট ডবলমুরিং থানার অস্ত্রাগার থেকে লুট হয়েছিল। উদ্ধার করা অস্ত্র ও গুলির বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।












