ভারত ও শ্রীলংকায় গত ফ্রেরুয়ারি মাসে অনুষ্ঠিত টি–টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬ এ বাংলাদেশ দল অংশগ্রহণ করেনি। বাংলাদেশের অংশগ্রহণ না করার বিষয়টি তদন্ত করতে ৩ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে। গতকাল ১০ মে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের ক্রীড়া–১ শাখার সিনিয়র সহকারী সচিব অংগ্যজাই মারমা স্বাক্ষরিত এক স্মারকে এই কমিটি অনুমোদন দেওয়া হয়। স্মারকে বলা হয়েছে, গত ৭ ফ্রেরুয়ারী থেকে ৭ মার্চ ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠিত টি–টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬ (পুরুষ) অনুষ্ঠিত হয়। উক্ত টুর্নামেন্টে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল অংশগ্রহণ করেনি। বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল উক্ত টুর্নামেন্টে অংশগ্রহণ না করার বিষয়টি অনুসন্ধানের জন্য নির্দেশক্রমে ৩ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ৩ সদস্য বিশিষ্ট কমিটির সদস্যরা হলেন ড. এ কে এল অলি উল্ল্যা, অতিরিক্ত সচিব (প্রশাসন অনু বিভাগ) যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, আহবায়ক,হাবিবুল বাশার সুমন, সাবেক অধিনায়ক, বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল– সদস্য,ব্যারিষ্টার ফয়সল দস্তগীর, বিশিষ্ট আইনজীবী, বাংলাদেশ সুপ্রিম কোর্ট ও ক্রীড়া সংগঠক–সদস্য। স্মারকে আগামী ১৫ কার্য দিবসের মধ্যে আইসিসি বিশ্বকাপ টি–টোয়েন্টি ক্রিকেট বাংলাদেশ পুরুষ দলের অংশগ্রহণ না করার বিষয়ে তদন্ত প্রতিবেদন যুব ও ক্রীড়া মন্ত্রণালয় বরাবরে দাখিল করতে বলা হয়েছে। উল্লেখ্য ৩ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটির সদস্য ব্যারিষ্টার ফয়সল দস্তগীর চট্টগ্রামের বিশিষ্ট রাজনীতিবিদ, ক্রীড়া সংগঠক ও চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক প্রয়াত দস্তগীর চৌধুরীর সন্তান।












