‘গৌরবময় সাফল্যের পথে যাত্রা’–শিরোনামে কক্সবাজারের বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমি স্কুল অ্যান্ড কলেজে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও সম্মাননা স্মারক প্রদান অনুষ্ঠান গতকাল সোমবার কক্সবাজার বায়তুশ শরফ কমপ্লেক্সের সভাপতি রাহবারে বায়তুশ শরফ আল্লামা শায়খ মুহাম্মদ আবদুল হাই নদভীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্যে কক্সবাজার জেলা পরিষদের প্রশাসক নুরুল বশর চৌধুরী বলেন, শিক্ষার্থীদের মেধা ও অর্জনের যথাযথ স্বীকৃতি শুধু তাদের সাফল্যকে সম্মানিতই করে না, বরং তাদের অন্তর্নিহিত আত্মবিশ্বাসকে বহুগুণে বৃদ্ধি করে। যখন একজন শিক্ষার্থী তার পরিশ্রমের মূল্যায়ন পায়, তখন তার মধ্যে নতুন উদ্যম, লক্ষ্যপূরণের দৃঢ়তা এবং সামনে এগিয়ে যাওয়ার সাহস তৈরি হয়। সভাপতির বক্তব্যে রাহবারে বায়তুশ শরফ আল্লামা শায়খ আবদুল হাই নদভী (মা.জি.আ) বলেন, বায়তুশ শরফ কোন গতানুগতিক দরবার নয়। এই দরবারের অধীনে মসজিদ, মাদ্রাসা, এতিমখানা, হেফজখানা, হাসপাতালসহ বিভিন্ন দাতব্য প্রতিষ্ঠান যেমন পরিচালিত হচ্ছে, তেমনি স্কুল–কলেজও। শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, সত্যিকারের জ্ঞান অর্জনের জন্য নিয়মিত অধ্যয়ন, গবেষণা ও ব্যাপক পড়ালেখার কোনো বিকল্প নেই। প্রধান বক্তার বক্তব্যে বিশিষ্ট শিক্ষাবিদ, কক্সবাজার বায়তুশ শরফ কমপ্লেক্সের মহাপরিচালক এম.এম. সিরাজুল ইসলাম বলেন, শিক্ষার্থীদের জন্য প্রয়োজনীয় সকল মৌলিক সুযোগ–সুবিধা এ প্রতিষ্ঠানে বিদ্যমান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ সৈয়দ করিম। তিনি কক্সবাজারের বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমী স্কুল অ্যান্ড কলেজে হতে জুনিয়র (৮ম শ্রেণি) বৃত্তি পরীক্ষা ২০২৫–এ প্রতিষ্ঠানের অসাধারণ সাফল্য তুলে ধরে বলেন, অত্র প্রতিষ্ঠান ট্যালেন্টপুলে ৩০ জন এবং সাধারণ গ্রেডে ৫৩ জনসহ মোট ৮৩ জন শিক্ষার্থী বৃত্তি অর্জন করে। অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন, কক্সবাজার জেলা শিক্ষা কর্মকর্তা গোলাম মোস্তফা, বায়তুশ শরফ কমপ্লেক্সের সেক্রেটারি নজরুল ইসলাম, দৈনিক ইনকিলাবের কক্সবাজার ব্যুরো প্রধান শামসুল হক শারেক, অভিভাবক প্রতিনিধি সুরেন্দ্রনাথ পাল, শব্দায়ন একাডেমির পরিচালক জসিম উদ্দিন বকুল, সিনিয়র শিক্ষক রেজাউল করিম, সহকারী প্রধান শিক্ষক মোহাম্মদ তৈয়ব। প্রেস বিজ্ঞপ্তি।










