বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আয়োজনে ও চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় জেলা পর্যায়ে প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্ট ২০২৫–২৬ শুরু হয়েছে। গতকাল ২ জুন সকালে চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে টুর্নামেন্টের উদ্বোধন করা হয়। উদ্বোধনী দিনে চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় নাসিরাবাদ সরকারি উচ্চ বিদ্যালয় ১৭৭ রানের বিশাল ব্যবধানে মোহাম্মদপুর পাবলিক স্কুল এন্ড কলেজকে পরাজিত করে। মহিলা ক্রীড়া কমপ্লেক্স মাঠে অনুষ্ঠিত অপর খেলায় কাট্টলী নুরুল হক চৌধুরী উচ্চ বিদ্যালয় ৫ রানে সৃজন গ্রামার স্কুলকে পরাজিত করে। কাট্টলীর রায়হান উদ্দিন ৪২ রান এবং ৩ উইকেট নিয়ে ম্যান অব দি ম্যাচ হন।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টের উদ্বোধন করেন জেলা প্রশাসক, চট্টগ্রাম ও চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার সভাপতি মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শরীফ উদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) পাঠান মো. সাঈদুজ্জামান, সিজেকেএস ক্লাব সমিতির সাধারণ সম্পাদক সৈয়দ শাহাবুদ্দিন শামীম, সিজেকেএস এ্যাডহক কমিটির সদস্য সচিব শরীফুল ইসলাম তুহিন, সদস্য ও চট্টগ্রাম জেলা ক্রীড়া অফিসার আবদুল বারী, সিজেকেএস ক্লাব সমিতির সহ–সভাপতি আমিনুল ইসলাম, কোষাধ্যক্ষ আবদুল হান্নান আকবর, সিজেকেএস কাউন্সিলর মকসুদুর রহমান বুলবুল, আলী হাসান রাজু, বিসিবির বিভাগীয় কোচ ও সিজেকেএস কাউন্সিলর মোমিনুল হক, সাবেক খেলোয়াড় ও বিভাগীয় কোচ নাজিম উদ্দিন, জেলা কোচ শেখ মাহবুবুল করিম মিঠু এবং চট্টগ্রাম জেলা প্রশাসন ও চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তাবৃন্দ। মোট ১১ টি স্কুল দলের অংশগ্রহণে চট্টগ্রামের দুই ভেন্যু চট্টগ্রাম জেলা স্টেডিয়াম ও বিভাগীয় মহিলা ক্রীড়া কমপ্লেক্স মাঠে টুর্নামেন্টের খেলাগুলো অনুষ্ঠিত হবে। বেলুন উড়িয়ে টুর্নামেন্টের উদ্বোধন শেষে প্রধান অতিথি দুই দলের খেলোয়াড় ও কর্মকর্তাদের সাথে পরিচিত হন।












