৪৫তম জাতীয় সাইক্লিং প্রতিযোগিতা গত ৭ হতে ৯ মে ঢাকায় অনুষ্ঠিত হয়। চট্টগ্রাম জেলা সাইক্লিং দল এতে ৪টি ইভেন্টে অংশগ্রহণ করে। তবে ৩টি ইভেন্টেই চট্টগ্রাম জেলা দল পদক অর্জন করে। এ প্রতিযোগিতায় অংশগ্রহণকারী আন্তঃ বাহিনী দলগুলো নানাবিধ সুযোগ সুবিধার কারণে সাধারণত শ্রেষ্ঠত্ব অর্জন করে থাকে। তাদের সাথে সমান তালে পাল্লা দিয়েছেন চট্টগ্রাম জেলা দলের সাইক্লিস্টরা। তীব্র প্রতিদ্বন্দ্বিতা গড়ে চট্টগ্রামের প্রতিযোগীরা পদক লাভের গৌরব অর্জন করেন। প্রথমে পুরুষদের একক ইভেন্ট– ৩০ কি.মি রোড ইন্ডিভিজুয়্যাল টাইম ট্রায়ালে পদক অর্জন করেন চট্টগ্রাম জেলা দলের মো. আরিফ হোসেন। তিনি তৃতীয় স্থান অধিকার করে তাম্র পদক লাভ করেন। এর পর মহিলাদের দলগত ইভেন্ট– ৩০ কি.মি রোড টিম টাইম ট্রায়ালে চট্টগ্রাম পদক জয় করে। চট্টগ্রাম জেলা দলের হয়ে এই ইভেন্টে তাম্র পদক অর্জন করেন তাবাসসুম ফেরদৌস চাঁদনী, তানহা আক্তার, রাবেয়া বুশরা ও উম্মে সালিম। সর্বশেষ
মাস্টার্স ইভেন্ট – ১৫ কি.মি রোড মাস্টার্স স্টার্ট এ চট্টগ্রাম জেলা দল পদক পায়। এই ইভেন্টে চট্টগ্রামের মো. শাহ ইফতেখার আলম তালুকদার দ্বিতীয় স্থান অধিকার করে রৌপ্য পদক অর্জন করেন। ৪৫তম জাতীয় সাইক্লিং প্রতিযোগিতায় চট্টগ্রাম জেলা সাইক্লিং দলের ম্যানেজারের দায়িত্ব পালন করেন সিজেকেএস কাউন্সিলর আলী হাসান রাজু। চট্টগ্রাম জেলা দলের প্রশিক্ষকের দায়িত্বে ছিলেন বেলাল বিন জসিম তাসকিন।














