আনোয়ারায় চেতনানাশক দ্রব্য প্রয়োগ করে ব্যাটারি রিকশা চালক আইয়ুব আলী (৫৫) হত্যাকাণ্ডের ঘটনায় প্রধান আসামিসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার আনোয়ারা থানা পুলিশের বিশেষ অভিযানে নগরীর বাকলিয়া ও পটিয়া এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন পটিয়া উপজেলার জিরি ইউনিয়নের কৈয়গ্রাম গ্রামের মো. জামাল প্রকাশ গালকাটা জামাল (৫২) এবং রাঙ্গুনিয়া উপজেলার পোমরা ইউনিয়নের বাসিন্দা তার সহযোগী মো. আব্দুল জব্বার ওরফে জব্বার (৩১)।
পুলিশ জানায়, নিহত আইয়ুব আলী ভাড়াভিত্তিক ব্যাটারি রিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করতেন। গত ২০ এপ্রিল সকালে তিনি বাড়ি থেকে গাড়ি নিয়ে বের হন। পরে বিকেলে শেখেরখীল সড়কের পাশে তাকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। উদ্ধার করে প্রথমে আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে সেখানে সাতদিন চিকিৎসাধীন থাকার পর ২৭ এপ্রিল তিনি মারা যান।
এ ঘটনায় ব্যাটারি রিকশার মালিক মো. আলী আহম্মেদ বাদী হয়ে আনোয়ারা থানায় হত্যা মামলা দায়ের করেন। সিসিটিভি ফুটেজ ও তথ্যপ্রযুক্তির সহায়তায় তদন্তে নেমে পুলিশ দুই আসামিকে শনাক্ত করে গ্রেপ্তার করে। আনোয়ারা থানার ওসি জুনায়েত চৌধুরী বলেন, তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের আদালতে পাঠানো হয়েছে। প্রধান আসামি মো. জামাল দীর্ঘদিন ধরে চেতনানাশক ব্যবহার করে ব্যাটারি রিকশা ছিনতাই চক্রের সঙ্গে জড়িত। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। পুলিশের ধারণা, পরিকল্পিতভাবে চেতনানাশক প্রয়োগ করে আইয়ুব আলীকে অচেতন করা হয় এবং পরে তার রিকশা নিয়ে পালিয়ে যায় আসামিরা।














