চুয়েট শিক্ষার্থীদের জন্য ৪টি বাস দিচ্ছে জসিম উদ্দীন ফাউন্ডেশন

রাউজান প্রতিনিধি | শুক্রবার , ২২ মে, ২০২৬ at ৬:০৬ পূর্বাহ্ণ

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) শিক্ষার্থীদের যাতায়াতের জন্য চারটি বাস উপহার দিচ্ছে রাউজানের সমাজসেবী সংগঠন জসিম উদ্দীন ফাউন্ডেশন। গতকাল বৃহস্পতিবার চুয়েটের সিন্ডিকেট কক্ষে এ নিয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে ফাউন্ডেশনের একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। চুক্তি অনুযায়ী, ৬১ সিটের ৪টি ননএসি বাস আগামী ৪০ কর্মদিবসের মধ্যে বিশ্ববিদ্যালয়কে হস্তান্তর করা হবে। বাসগুলোর ক্রয় ও রেজিস্ট্রেশন খরচসহ যাবতীয় ব্যয় বহন করবে জসিম উদ্দীন ফাউন্ডেশন। এর মধ্যে দুটি বাস ছাত্র এবং দুটি ছাত্রীদের যাতায়াতে ব্যবহৃত হবে।

চুয়েটের উপাচার্য অধ্যাপক মাহমুদ আব্দুল মতিন ভূইয়ার উপস্থিতিতে চুক্তিতে স্বাক্ষর করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক শেখ মোহাম্মদ হুমায়ুন কবির এবং ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান জসিম উদ্দীন। এ সময় চুয়েটের বিভিন্ন অনুষদের ডিন, ছাত্রকল্যাণ অধিদপ্তরের কর্মকর্তা ও জসিম উদ্দীন ফাউন্ডেশনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

পূর্ববর্তী নিবন্ধখালেদা জিয়া স্মৃতি সংসদ দক্ষিণ জেলা কমিটি গঠিত
পরবর্তী নিবন্ধশাহ মাওলানা কুতুবউদ্দিন ও মাওলানা নুরুল ইসলাম স্মরণে আলোচনা