চুনতিতে ফারেঙ্গা সেতুর সংযোগ সড়কে সংস্কারের পর ফের ধস

আনুষ্ঠানিক উদ্বোধনের আগে নির্মাণ কাজের মান নিয়ে প্রশ্ন স্থানীয়দের

মোহাম্মদ মারুফ, লোহাগাড়া | শনিবার , ৪ জুলাই, ২০২৬ at ৬:১১ পূর্বাহ্ণ

লোহাগাড়া উপজেলার চুনতি ইউনিয়নের ফারেঙ্গা সড়কে নির্মিত সেতুর সংযোগ সড়ক সংস্কারের পর আবারো একাধিক স্থানে ধসে পড়েছে। সেতুটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধনের আগেই সংযোগ সড়কে পুনরায় ধস দেখা দেওয়ায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। তারা নির্মাণকাজের মান নিয়ে প্রশ্ন তুলেছেন এবং দ্রুত স্থায়ী সমাধানের দাবি জানিয়েছেন।

স্থানীয়রা জানান, চুনতি ইউনিয়নের ফারেঙ্গা সড়কটি এলাকার গুরুত্বপূর্ণ যোগাযোগপথ। প্রতিদিন শিক্ষার্থী, চাকরিজীবী, ব্যবসায়ীসহ হাজারো মানুষ এই সড়ক ব্যবহার করেন। সংযোগ সড়কে বারবার ধস নামায় যানবাহন চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। বিশেষ করে ভারী বৃষ্টি হলে পরিস্থিতি আরো খারাপ হওয়ার আশঙ্কা রয়েছে। নতুন নির্মিত একটি সেতুর সংযোগ সড়কে উদ্বোধনের আগেই একাধিকবার ধস দেখা দেওয়া অত্যন্ত উদ্বেগজনক। বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের গুরুত্বের সাথে তদন্ত করে ধসের প্রকৃত কারণ নির্ণয় করা প্রয়োজন। একই সাথে নির্মাণ ও সংস্কার কাজে কোনো ধরনের ত্রুটি বা অবহেলা থাকলে তা খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবিও জানান তারা।

উপজেলা এলজিইডি অফিস সূত্রে জানা যায়, ২০২৩২৪ অর্থ বছরে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের অধীনে বৃহত্তর চট্টগ্রাম পল্লী অবকাঠামো উন্নয়ন প্রকল্প৩ এর আওতায় এক প্যাকেজে লোহাগাড়া উপজেলার চুনতি ফারেঙ্গা সড়কের উপর ১৮ ও ১৬ মিটার ২টি আরসিসি গার্ডার সেতু নির্মাণের কাজ পান কন্সুলেন্ট ইঞ্জিনিয়ারিং বিল্ডার্স নামে এক ঠিকাদারি প্রতিষ্ঠান। যার বরাদ্দ ছিল ৩ কোটি ৪৯ লাখ টাকা। সম্প্রতি ঠিকাদারি প্রতিষ্ঠান উক্ত ২টি ব্রিজের কাজ শেষ করে।

গত বৃহস্পতিবার (২ জুলাই) সরেজমিনে দেখা যায়, সড়কে নির্মিত ১৮ মিটার সেতুর উভয় পাশে সংযোগ সড়কের একাধিক স্থানে ধস নেমেছে। সম্প্রতি ধসে যাওয়া অংশে সংস্কারের চিহ্ন দেখা গেলেও সেই স্থানগুলো আবারো ভেঙে পড়েছে। ফলে সংযোগ সড়ক দিয়ে যানবাহন চলাচলে ঝুঁকি তৈরি হয়েছে। বিশেষ করে ভারী বৃষ্টি হলে ধস আরো বিস্তৃত হওয়ার আশঙ্কা করছেন স্থানীয়রা। তাদের মতে, কেবল দায়সারাভাবে সংস্কার করায় সমস্যার স্থায়ী সমাধান হয়নি।

স্থানীয় মোহাম্মদ রেজাউল বাহার রাজা বলেন, সেতুর সংযোগ সড়কে বারবার ধস দেখা দেওয়ায় এলাকাবাসী চরম ভোগান্তিতে পড়েছেন। সংস্কারের পরও টেকসই কোনো সমাধান না হওয়ায় একই স্থানে পুণরায় ধস দেখা দিয়েছে। দ্রুত ও স্থায়ীভাবে সড়কটি সংস্কার করা না হলে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা রয়েছে। এ ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করছি।

স্থানীয় ইউপি সদস্য জানে আলম বলেন, সেতুর সংযোগ সড়কের একাধিক স্থানে ধসের বিষয়টি উপজেলা এলজিইডি অফিস ও ঠিকাদারকে জানালে তারা সংস্কার করে। কিন্তু কিছুদিনের ব্যবধানে ভারী বৃষ্টিপাতের কারণে সংস্কারকৃত অংশগুলোতে আবারো ধস দেখা দিয়েছে। এতে স্থানীয়দের চলাচলে দুর্ভোগ দেখা দিয়েছে।

ঠিকাদারের প্রতিনিধি আল আমিন বলেন, সেতুর সংযোগ সড়কে ধসের বিষয়টি জানার পর সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী সংস্কার কাজ করা হয়েছিল। বৃষ্টিপাত ও মাটির চাপের কারণে সংস্কার করা অংশগুলোতে পুণরায় ধস দেখা দিয়েছে। বিষয়টি পর্যবেক্ষণ করা হচ্ছে ও দ্রুত প্রয়োজনীয় মেরামত কাজ করা হবে। তবে সংযোগ সড়কের ওইসব অংশে গাইডওয়াল না দিলে সংস্কার কাজ টেকসই হবে না বলে জানান তিনি।

লোহাগাড়া উপজেলা প্রকৌশলী (এলজিইডি) কাজী ফাহাদ বিন মাহমুদ বলেন, সেতুর সংযোগ সড়কে পুণরায় ধসের বিষয়টি ঠিকাদারকে অবহিত করে প্রয়োজনীয় টেকসই সংস্কারের উদ্যোগ নেওয়া হবে। যাতে ভবিষ্যতে একই ধরনের সমস্যা আর না ঘটে।

পূর্ববর্তী নিবন্ধমিয়ানমারে পাচারকালে ৬০০ বস্তা সিমেন্ট জব্দ, আটক ৫
পরবর্তী নিবন্ধমহাসড়কে যত্রতত্র যাত্রী ওঠানামা