প্রথমবারের মতো বাংলাদেশের গান নিয়ে আগ্রহ প্রকাশ করেছে বিশ্বের অন্যতম প্রধান এবং ঐতিহাসিক পরিবেশনা প্রতিষ্ঠান ওয়ার্নার ব্রাদার্স মিউজিক। তারা আমন্ত্রণ জানিয়েছে বাংলাদেশের জনপ্রিয় ব্যান্ড চিরকুটকে। গত ২১ জুলাই ওয়ার্নার ব্রাদার্সের অন্যতম ভাইস প্রেসিডেন্ট জশ সারুবিন কর্তৃক আমন্ত্রণে সাড়া দিয়ে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের ম্যানহাটনে প্রতিষ্ঠানটির আন্তর্জাতিক কার্যালয়ে উপস্থিত হন চিরকুট ব্যান্ডের প্রতিষ্ঠাতা ও সংগীতশিল্পী শারমিন সুলতানা সুমী। এসময় প্রায় দু’ঘণ্টাব্যাপী গান আড্ডায় মেতে ওঠে ‘চিরকুট’ ও ‘ওয়ার্নার ব্রাদার্স’।
সুমী জানান, দক্ষিণ এশিয়ার অন্যতম জনপ্রিয়, সৃজনশীল ও আন্তর্জাতিকভাবে প্রতিষ্ঠিত ব্যান্ড হিসেবে দেড় দশকেরও বেশি সময় ধরে চিরকুটের ধারাবাহিক কাজের স্বীকৃতিস্বরূপ এই আমন্ত্রণ। গান–আড্ডায় সম্ভাব্য যৌথ কাজের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এ সময় ওয়ার্নার ব্রাদার্সের প্রতিনিধিরা সুমীর সামনেই চিরকুটের পাঁচ থেকে ছয়টি গান শোনেন এবং ব্যান্ডটির সংগীত ও সৃষ্টিশীলতার ভূয়সী প্রশংসা করেন। যদিও আগে থেকেই তারা চিরকুটের গান নিয়ে নীরিক্ষা করেছিল। তাদের মন্তব্য ছিল, ‘অল অব ইয়োর সংস আর ইউনিক, ইউ আর ভেরি ইউনিক!’ ওয়ার্নার ব্রাদার্সের ভাইস প্রেসিডেন্ট জশ সারুবিন চিরকুটের প্রশংসা করেন।
এবার বাংলাদেশের মাটিতে বেড়ে ওঠা চিরকুটের সঙ্গে সম্ভাব্য কোলাবোরেশনের আগ্রহ প্রকাশ করেছেন তিনি। আমন্ত্রণকে চিরকুটের দীর্ঘদিনের পরিশ্রম, সৃষ্টিশীলতা ও ত্যাগের স্বীকৃতি হিসেবে দেখছেন সুমি। সুমী বলেন, সারা পৃথিবীর কিংবদন্তি শিল্পীদের নিয়ে কাজ করা এমন মানুষেরা যখন আমন্ত্রণ জানান, তখন সেটি ভীষণ অনুপ্রেরণার এবং সম্মানের।












