যুব বেকারত্ব বৃদ্ধির ঝুঁকিতে চীন

| শুক্রবার , ২৪ জুলাই, ২০২৬ at ৯:০৮ পূর্বাহ্ণ

চীনে রেকর্ড সংখ্যক স্নাতক উত্তীর্ণ শিক্ষার্থী এমন এক সময়ে কর্মক্ষেত্রে প্রবেশের প্রস্তুতি নিচ্ছে যখন কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রারম্ভিক স্তরের চাকুরিগুলো গ্রাসের ঝুঁকি তৈরি করছে আর এ পরিস্থিতিতে চলতি বছর তরুণদের মধ্যে বেকারত্ব তিন বছরেরও বেশি সময় আগের পর্যায়ে পৌঁছে যেতে পারে। খবর বিডিনিউজের।

চলতি সপ্তাহে দেশটির পরিসংখ্যান ব্যুরোর প্রকাশিত তথ্য অনুযায়ী, জুনে শহর এলাকাগুলোতে ১৬ থেকে ২৪ বছর বয়সীদের মধ্যে পরিচালিত জরিপে বেকারত্বের হার ১৪ দশমিক ৯ শতাংশ পাওয়া গেছে। দুই বছর আগে জুনে এই বয়সীদের মধ্যে পরিচালিত জরিপে বেকারত্বের হার ২০ শতাংশের বেশি ছিল। তখন সরকার বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের এই জরিপ থেকে বাদ দিয়েছিল। তারপর থেকে জুন মাসের জন্য এটাই বেকারত্বের সর্বোচ্চ রেকর্ড। তরুণদের বেকারত্বের হার সাধারণত জুনে সর্বনিম্ন থাকে আর গ্রীষ্মের শেষের দিকে যখন নতুন স্নাতকধারীরা কর্মক্ষেত্রে প্রবেশ করে, তখন বৃদ্ধি পায়। চীনের শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০২৬ সালে নজিরবিহীনভাবে এক কোটি ২৭ লাখ স্নাতকধারী শিক্ষার্থী কর্মক্ষেত্রে প্রবেশ করতে যাচ্ছে। এ সংখ্যা ২০২৫ সালের চেয়ে চার শতাংশ বেশি। অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড ব্যাংকিং গোষ্ঠীর অর্থনীতিবিদ জাওফং শিংয়ের ধারণা, আগামী দুই মাসে কর্মক্ষেত্রে অতিরিক্ত সরবরাহের কারণে পরিস্থিতি আরও খারাপ হয়ে তরুণদের মধ্যে বেকারত্বের হার ২০ শতাংশের কাছাকাছি পৌঁছে যেতে পারে।

পূর্ববর্তী নিবন্ধচিরকুটের সঙ্গে কাজ করতে আগ্রহী ‘ওয়ার্নার ব্রাদার্স মিউজিক’
পরবর্তী নিবন্ধরাশিয়ার ভূমিকা খতিয়ে দেখছে যুক্তরাষ্ট্র