চায়না ওপেন জিতে সার্বিয়ান জোকোভিচের ‘১০২’ শিরোপা

| বুধবার , ৭ অক্টোবর, ২০২৬ at ১০:৫৪ পূর্বাহ্ণ

বয়সের ভারে পারফরম্যান্সে নেই আগের সেই দাপট। বছরটাও কাটেনি আশানুরূপ। তবে মৌসুমের শেষভাগে এসে একটা শিরোপার স্বাদ পেলেন নোভাক জোকোভিচ। চায়না ওপেনের ফাইনালে অস্ট্রেলিয়ার অ্যালেক্স ডি মিনোহ চোট পেয়ে ছিটকে পড়ায় ট্রফি উঁচিয়ে ধরেন সার্বিয়ান তারকা। শিরোপা লড়াইয়ে মঙ্গলবার প্রথম সেটে লড়াই হয় দুর্দান্ত; ১২ বছরের ছোট প্রতিপক্ষের কঠিন চ্যালেঞ্জ সামলে সেটটি ৭–৬ (৭–৩) গেমে জিতেন জোকোভিচ। পরের সেটের প্রথম গেমটি জিতেন ডি মিনোহ; কিন্তু এরপরই বাঁ ঊরুর সমস্যায় আর খেলা চালিয়ে যেতে পারেননি তিনি। জোকোভিচের মোট শিরোপা হলো ১০২টি। আর এই নিয়ে টানা ২১ বছরে অন্তত একটি করে শিরোপা জিতলেন ৩৯ বছর বয়সি তারকা।

এককে তার চেয়ে বেশি শিরোপা জিতেছেন জিমি কনর (১০৯) ও রজার ফেদেরার (১০৩)। রেকর্ড ২৪টি গ্র্যান্ড স্ল্যাম জয়ী তারকা এই বছরে কেবল দুটি ফাইনাল খেললেন। প্রথমটি গত জানুয়ারিতে অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে, ওই ম্যাচে হেরে যান কার্লোস আলকারাসের বিপক্ষে।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রামে শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির ৫০ বছর পূতি উদযাপন
পরবর্তী নিবন্ধসংশোধনী