চাকরিতে ভাইভার নম্বর বাড়ানোর প্রতিবাদে চাকসুর মানববন্ধন

চবি প্রতিনিধি | বৃহস্পতিবার , ১০ সেপ্টেম্বর, ২০২৬ at ৫:৪৪ পূর্বাহ্ণ

সরকারি চাকরিতে মৌখিক পরীক্ষার (ভাইভা) নম্বর বাড়ানোর মাধ্যমে মেধার অবমূল্যায়ন ও রাজনৈতিক সুপারিশের সুযোগ তৈরির অভিযোগ তুলে এর প্রতিবাদে মানববন্ধন করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু)। গতকাল বুধবার দুপুর সাড়ে ১২টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার প্রাঙ্গণে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা অংশ নেন।

মানববন্ধনে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (চাকসু) ভিপি ইব্রাহিম হোসেন রনি, জিএস সাঈদ বিন হাবিব, মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলনবিষয়ক সম্পাদক মোনায়েম শরীফ। এছাড়া ভয়েস অব স্টুডেন্টের সভাপতি আশিকুর রহমানসহ চাকসুর অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

চাকরি ও বিশ্ববিদ্যালয়ে দলীয়করণের অভিযোগ তুলে চাকসুর ভিপি ইব্রাহিম হোসেন রনি সরকারের সমালোচনা করেন। তিনি বলেন, ১১ ও ১২তম গ্রেডের নিয়োগে ভাইভার নম্বর বাড়ানোর প্রস্তাব মূলত দলীয় কর্মীদের সুবিধা দেওয়ার একটি কৌশল। পাশাপাশি পিএসসি ও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে পরিবর্তনকে নির্দিষ্ট রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নের অংশ করা হয়েছে বলেও তিনি অভিযোগ করেন। তিনি বলেন, দলীয়করণ বন্ধ করুন। মেধাভিত্তিক মূল্যায়নের মাধ্যমে নিয়োগ দিন। মেধার অবমূল্যায়ন করে আজ্ঞাবহ প্রশাসন গড়ে তোলার চেষ্টা করা হলে শিক্ষার্থীরা ফের রাজপথে নামবে।

চাকসুর জিএস সাঈদ বিন হাবিব বলেন, জুলাই আন্দোলনের আকাঙ্ক্ষা ও ম্যান্ডেট নিয়ে গঠিত বর্তমান সরকারের আমলে সরকারি চাকরির ভাইভা পরীক্ষায় নম্বর ৫০এ উন্নীত করে নতুন বৈষম্য তৈরি করা হচ্ছে। এর মাধ্যমে মেধাবী ও যোগ্য প্রার্থীরা তাদের অধিকার থেকে বঞ্চিত হবেন এবং বর্ধিত ভাইবা নম্বরের সুযোগ নিয়ে রাজনৈতিক প্রভাব, রেফারেন্স ও স্বজনপ্রীতির মাধ্যমে অযোগ্য ব্যক্তিদের চাকরি পাওয়ার সুযোগ তৈরি হবে বলে তিনি দাবি করেন।

সরকারের প্রতি আহ্বান জানিয়ে ভয়েস অব স্টুডেন্টের সভাপতি আশিকুর রহমান বলেন, যোগ্যতা ও অভিজ্ঞতার ভিত্তিতে বিভিন্ন করপোরেশন ও গুরুত্বপূর্ণ পদে নিয়োগ দেওয়া উচিত।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রামসহ ৫ বিভাগে ডেঙ্গু পরিস্থিতি উদ্বেগজনক
পরবর্তী নিবন্ধমেঘমল্লার বসু লাইফ সাপোর্টে