চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) ও চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ)- দুই সংস্থার নজর এখন কর্ণফুলী নদীতে জেগে ওঠা চর বাকলিয়ায়। একশ বছরের পুরনো চরটিতে পর্যটন কেন্দ্র, পাখির অভয়ারণ্য ও সোলার পাওয়ার প্ল্যান্ট স্থাপন করতে চায় চসিক। এ লক্ষ্যে প্রতীকী মূল্যে চরের ৫৮৪ একর খাস জমি বরাদ্দ চেয়ে ভূমি মন্ত্রণালয়ে প্রস্তাবও করেছে। এদিকে সিডিএ চট্টগ্রাম মহানগরের খসড়া মাস্টার প্ল্যানে (২০২৫–২০৫০) চরটিতে চট্টগ্রামের প্রথম প্রাকৃতিক পার্ক ও ইকো ট্যুরিজম হিসেবে গড়ে তোলার কথা বলা হয়, যা বাস্তবায়নে বিনিয়োগকারী খুঁজছে সংস্থাটি।
অবশ্য পরিবেশবিদরা বলছেন, উদ্ভিদ বৈচিত্র্যে ভরপুর চর বাকলিয়া। সেখানে রয়েছে ১৫৫ প্রজাতির উদ্ভিদ। এটা পরিযায়ী পাখিদের নিরাপদ আশ্রয়স্থলও। যদি পার্ক বা পর্যটনকেন্দ্রে গড়ে তোলার জন্য অবকাঠামো নির্মাণ করা হয় তাহলে চরের পুরো ইকোসিস্টেম নষ্ট হবে।
জানা গেছে, ১৯৩০ সালে কালুরঘাট সেতু নির্মাণের কারণে পলি জমে ধীরে ধীরে কর্ণফুলী নদীর মাঝখানে জেগে ওঠে চর বাকলিয়া। শাহ আমানত সেতু থেকে প্রায় দেড় কিলোমিটার উজানে নদীর মাঝখানে এ চরের অবস্থান। বর্তমানে চরটি সরকারি ১ নম্বর খাস খতিয়ানভুক্ত। সিডিএর খসড়া মাস্টার প্ল্যান (২০২৫–২০৫০) অনুযায়ী, চরের আয়তন ৪০৬ দশমিক ৫৬ একর। এর মধ্যে ৩৮৫ দশমিক ৪৭ একর খালি জমি এবং ২১ দশমিক ১০ একর জলাশয়।
চসিক যা করতে চায় : চসিক সূত্রে জানা গেছে, চসিকের হিসেবে চর বাকলিয়ার আয়তন ৫৮৪ একর। এর মধ্যে ৬৪ একর ভূমিতে পাখির অভয়ারণ্য, ১২০ একর ভূমিতে আধুনিক পাবলিক পার্ক ও পর্যটনকেন্দ্র এবং ৪০০ একর ভূমিতে ১২০ মেগাওয়াট সৌরবিদ্যুৎ কেন্দ্র স্থাপন করতে চায় সংস্থাটি।
নিজেদের পরিকল্পনা বাস্তাবায়নে চর বাকলিয়ার খাস জমি প্রতীকী মূল্যে বরাদ্দ চেয়ে সর্বশেষ ১৫ অক্টোবর ভূমি মন্ত্রণালয়ে প্রস্তাব দিয়েছে চসিক। এতে বলা হয়, বর্তমান সরকার ২০৩০ সালের মধ্যে ২৪ হাজার মেগাওয়াট সৌর বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। চর বাকলিয়ার ৪০০ একর ভূমিতে প্রস্তাবিত ১২০ মেগাওয়াট সৌর বিদ্যুৎকেন্দ্রে উৎপাদিত বিদ্যুৎ জাতীয় গ্রিডে পরিচ্ছন্ন বিদ্যুতের সরবরাহ বৃদ্ধি করবে, আমদানি নির্ভর জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা হ্রাস, বৈদেশিক মুদ্রা সাশ্রয় এবং বছরে উল্লেখযোগ্য পরিমাণ কার্বন নিঃসরণ কমাতে সহায়তা করবে। চসিকের প্রস্তাবে বলা হয়, ৬৪ একর ভূমিতে পাখির অভয়ারণ্য দেশীয় ও পরিযায়ী পাখির নিরাপদ আবাসস্থল সৃষ্টি, জীববৈচিত্র্য সংরক্ষণ, প্রাকৃতিক জলাভূমি রক্ষা এবং পরিবেশগত ভারসাম্য বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এছাড়া ১২০ একর ভূমিতে আন্তর্জাতিক মানের পাবলিক পার্ক, সবুজ উদ্যান, ওয়াকওয়ে, শিশুদের বিনোদনকেন্দ্র, সাংস্কৃতিক পরিসর ও পর্যটন অবকাঠামো গড়ে তোলা হলে চট্টগ্রামের নগরবাসীর জন্য একটি আধুনিক ও স্বাস্থ্যসম্মত বিনোদনকেন্দ্র সৃষ্টি হবে, যা দেশি–বিদেশি পর্যটক আকর্ষণ, স্থানীয় ব্যবসা সম্প্রসারণ, কর্মসংস্থান সৃষ্টি এবং সিটি কর্পোরেশনের রাজস্ব বৃদ্ধিতে সহায়ক হবে।
চসিকের প্রশাসক ডা. শাহাদাত হোসেন আজাদীকে বলেন, চর বাকলিয়া ঘিরে আমাদের প্রস্তাবিত প্রকল্পটি পরিবেশ সংরক্ষণ, নবায়নযোগ্য জ্বালানি উৎপাদন, পর্যটন বিকাশ ও টেকসই নগর উন্নয়নের ক্ষেত্রে একটি যুগান্তকারী উদ্যোগ হতে পারে। চট্টগ্রামের শিল্পাঞ্চলে পরিচ্ছন্ন বিদ্যুতের প্রাপ্যতা বৃদ্ধি এবং দীর্ঘমেয়াদি জ্বালানি নিরাপত্তা জোরদার এবং আন্তর্জাতিক মানের পর্যটন শিল্প বিকাশ করতে ভূমিকা রাখবে।
পর্যটন কেন্দ্র হলে চর বাকলিয়ার জীববৈচিত্র্য হুমকিতে পড়া নিয়ে পরিবেশবিদদের আপত্তি প্রসঙ্গে তিনি বলেন, জীববৈচিত্র্য ঠিক রেখেই করা হবে। পাখির অভয়ারণ্য করার পরিকল্পনাও সে কারণে। তিনি বলেন, আমাদের প্রস্তাবনা নিয়ে ভূমিমন্ত্রী এবং ভূমি প্রতিমন্ত্রী দুইজনের সঙ্গেই কথা হয়েছে। তারা পজেটিভ। প্রতীকী মূল্যে জমি বরাদ্দের জন্য প্রধানমন্ত্রীর অনুমোদন লাগবে।
চসিক সূত্রে জানা গেছে, এর আগে ৪ আগস্ট চসিকের প্রশাসক ভূমি মন্ত্রণালয়ে একটি ডিও দেন। এর প্রেক্ষিতে ভূমি মন্ত্রণালয়ের খাস জমি–২ শাখা থেকে ২১ সেপ্টেম্বর মতামত প্রদানের জন্য চট্টগ্রাম জেলা প্রশাসক বরাবর চিঠি দেওয়া হয়। জেলা প্রশাসন এ বিষয়ে ‘ইতিবাচক’ জবাব দিয়েছেন বলে আজাদীকে জানিয়েছেন চসিকের চসিব মো. আশরাফুল আমিন।
এদিকে সিটি কর্পোরেশনের প্রস্তাবনা প্রসঙ্গে ১৪ জানুয়ারি চসিকের এক অনুষ্ঠানে ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন বলেছিলেন, ‘ওয়ান সিটি টু টাউন’ নিয়ে একটা কনসেপ্ট উনি (শাহাদাত) আমাদের সাথে ডিসকাস করেছেন। আমি প্রধানমন্ত্রীর সাথে এটা নিয়ে বিস্তারিত আলোচনা করব। এই কনসেপ্ট যদি আমরা বাস্তবায়ন করতে পারি তাহলে রিনিউয়েবল এনার্জি বলেন, পাখিদের জন্য অভয়াশ্রম বলেন এবং রিক্রিয়েশন পার্ক বলেন; খুব সুন্দর একটি ব্যবস্থাপনা এই সিটি কর্পোরেশনের মাধ্যমে চট্টগ্রামবাসীকে, বিশেষ করে নগরবাসীকে উপহার দিতে পারব।
জানা গেছে, ২০২৫ সালের আগস্ট মাসেও ওয়ান সিটি টু টাউন বাস্তবায়নসহ বিশাল জনগোষ্ঠীর জন্য পর্যটন শিল্প গড়ে আধুনিক ও বিশ্বমানের পর্যটন শিল্প গড়ে তুলতে চর বাকলিয়ার ২০০ একর অকৃষি খাস জমি প্রতীকী মূল্যে দীর্ঘমেয়াদি বন্দোবস্ত চেয়ে ভূমি মন্ত্রণালয়ে প্রস্তাব দেন শাহাদাত হোসেন। তারও আগে সাবেক মেয়র রেজাউল করিম চৌধুরীর মেয়াদকালে চর বাকলিয়ার ৩৫ একর ভূমিতে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন প্রকল্প গ্রহণ করা হয়। এ প্রকল্প নিয়ে পরিবেশবাদীসহ সচেতন মহলের আপত্তি থাকায় আওয়ামী লীগ সরকার পতনের পর প্রকল্পটি বাতিল করা হয়।
যা করতে চায় সিডিএ : সিডিএ খসড়া মাস্টার প্ল্যানের (২০২৫–২০৫০) অধীনে প্রণীত বাকলিয়া ও চর বাকলিয়া অ্যাকশন এরিয়া প্ল্যানে চর বাকলিয়াকে ‘চট্টগ্রামের প্রথম প্রাকৃতিক পার্ক’ এবং একটি বিশ্বমানের ইকো–ট্যুরিজম হাব হিসেবে গড়ে তোলার প্রস্তাব করা হয়েছে।
ইকো ট্যুরিজমের অংশ হিসেবে বাকলিয়ার সাথে চর বাকলিয়ার সরাসরি ও দৃষ্টিনন্দন যোগাযোগ স্থাপনে কর্ণফুলী নদীর ওপর দিয়ে চালু করা হবে ক্যাবল কার। পাশাপাশি কর্ণফুলী নদীর প্যানোরামিক দৃশ্য উপভোগের জন্য থাকবে স্কাই ডাইনিং সুবিধা এবং পাখি ও প্রকৃতি পর্যবেক্ষণের জন্য ওয়াচ টাওয়ার নির্মাণ করা হবে। স্থানীয় কারুশিল্প তুলে ধরার জন্য করা হবে স্যুভেনির শপ।
এছাড়া সাফারি অভিজ্ঞতার উপযোগী করে পরিকল্পিত একটি বন বাস্তুতন্ত্র করা হবে। থাকবে জাদুঘর, অ্যাকোরিয়াম এবং ইকো–সায়েন্স প্রদর্শনীসহ একটি সাফারি পার্ক ও কেন্দ্র। নদীমুখী কটেজ এবং ওয়েলনেস সুবিধাসহ একটি ইকো রিসোর্ট ও স্পা থাকবে। এছাড়া কায়াকিং, বোটিং এবং সাইক্লিং ট্রেইলের মতো ওয়াটার স্পোর্টস–এর সুবিধা থাকবে। রাতের রোমাঞ্চকর ‘নাইট সাফারি’ অভিজ্ঞতার জন্য বিশেষ ক্যাম্পিং গ্রাউন্ডের প্রস্তাব করা হয়।
সিডিএ চেয়ারম্যান প্রকৌশলী বেলায়েত হোসেন আজাদীকে বলেন, যদি ইকোপার্ক হয় তাহলে বাকলিয়ার চেহারা পরিবর্তন হয়ে যাবে। কর্ণফুলীর পাড়ে যদি আমরা পর্যটন কেন্দ্র করি তাহলে তা বিভিন্ন দেশের পর্যটকদের আকর্ষণ করবে। যে স্টাইলে পাতায়াকে (থাইল্যান্ড) সাজানো হয়, সেভাবে এখানে স্পিড বোটের ফ্যাসিলিটিজ আছে। আমাদের এখানে কাঠের নৌকার ফ্যাসিলিটিজ আছে, দেখবেন বিদেশিরা এ নৌকা দিয়ে কর্ণফুলীতে ঘুরছে। নদীর পাড়ে বা সাগর পাড়ের অ্যাপার্টমেন্টের ভ্যালু অনেক। দুবাইয়ে মূল ভূমির অ্যাপার্টমেন্ট ও নদীর পাড়ের অ্যাপার্টমেন্টের ভ্যালুর অনেক ডিফারেন্স, সবাই নদীর পাড়ে বসতি করতে চায়। আমরা সেই থিমে আগাচ্ছি।
চর বাকলিয়ায় ইকো টুরিজ্যম করার জন্য বিনিযোগকারী খুঁজছেন জানিয়ে তিনি বলেন, ইনভেস্টরদের কাছ থেকে ভালো সাড়া পাচ্ছি। চীন ও থাইল্যান্ডের বিনিয়োগকারীর সাথে কথা হয়েছে। চর বাকলিয়া ঘিরে চসিকের আগ্রহ প্রসঙ্গে তিনি বলেন, এখানে সাংঘর্ষিক কিছু হবে না। যদি সিটি কর্পোরেশন করে কোনো অসুবিধা নেই। আমরা সব একসাথে আছি।
আপত্তি পরিবেশবিদদের : বেসরকারি উন্নয়ন ও গবেষণা সংস্থা ইফেক্টিভ ক্রিয়েশন অন হিউম্যান ওপিনিয়ন (ইকো) ২০২২ সালে তাদের একটি গবেষণায় চর বাকলিয়ার উদ্ভিদবৈচিত্র্য তুলে ধরে এবং জনসচেতনতা বৃদ্ধিকল্পে সে গবেষণার ফলাফল প্রকাশ করে। গবেষণায় চর বাকলিয়ায় মোট ১৫৫ প্রজাতির উদ্ভিদ শনাক্ত করা হয়। এর মধ্যে ৬৪ প্রজাতির বৃক্ষ, ২০ প্রজাতির বিরুৎ, ৫৭ প্রজাতির গুল্ম, ১২ প্রজাতির লতানো উদ্ভিদ ও পরাশ্রয়ী উদ্ভিদের সংখ্যা ছিল ২টি। ১৫৫টি উদ্ভিদের ভিতর ১১৩টি ঔষধি। চরে গাছপালার মধ্যে পাহাড়ি শিমুল, বেগুনি হুরহুরি, প্রাজাসেন্ট্রা, হরগোজা, ভূঁই ওকড়া, ঝুমকো লতা, আকন্দ, স্বর্ণলতা, ঘাগড়া, শিয়াল কাঁটা, শিরিষসহ নানা প্রজাতির উদ্ভিদ আছে। এছাড়া দেশীয় আম, জাম, কাঁঠাল, নারকেলসহ নানা রকমের ফলদ গাছও আছে। এ অবস্থায় চর বাকলিয়ায় পর্যটন কেন্দ্র হলে উদ্ভিদবৈচিত্র্য ঝুঁকিতে পড়বে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ ওমর ফারুক রাসেল আজাদীকে বলেন, ওখানে শুধু উদ্ভিদ না, পাখির আবাসস্থলও রয়েছে। এখন সেখানে প্রাকৃতিক পার্ক হোক বা সোলার পাওয়ার প্ল্যান্ট; তার জন্য অবকাঠামো নির্মাণ করা করা হবে। এতে সেখানে যে ইকো সিস্টেম আছে সেটা ড্যামেজ হয়ে যাবে। যখন পর্যটক যাবে সেটা আর ন্যাচারাল থাকবে না। স্বাভাবিকভাবে যে বুনো প্রকৃতি আছে, তা অক্ষত থাকবে না। এখানে যে উদ্ভিদ আছে তা পাওয়া যাবে না।
তিনি বলেন, কিছু পতঙ্গ আছে যেগুলো উদ্ভিদের সাথে সম্পর্কিত। তারা উদ্ভিদের মধু খেয়ে জীবন ধারণ করে। যখন গাছের পরিমাণ কমবে, মানুষ যাবে, তখন এসব ইনসেক্টও তার প্রাকৃতিক পরিবেশ ও আবাসস্থল হারাবে। পাখিদের আনাগোনা কমে যাবে। সুতরাং টোটাল যে ইকোসিস্টেম, সেটা হ্যাম্পার হবে, মানে ক্ষতিগ্রস্ত হবে।
এদিকে মাস্টার প্ল্যান অনুসরণ করলে প্রকৃতির কোনো ক্ষতি হবে না বলে মনে করেন সিডিএর উপ–প্রধান নগর পরিকল্পনাবিদ মো. আবু ঈসা আনছারী। তিনি আজাদীকে বলেন, চট্টগ্রামের প্রথম প্রাকৃতিক পার্ক ও ইকো ট্যুরিজম এমনভাবে করতে হবে যেন প্রাকৃতিক জীববৈচিত্র্য নষ্ট না হয়। যারাই করুক জীববৈচিত্র্য অক্ষুণ্ন রেখেই ট্যুরিজম করতে হবে। মাস্টার প্ল্যানে প্রস্তাবটা সেভাবেই করা।












