চবির ক্লাস-পরীক্ষা বন্ধ, চলবে না শাটল ট্রেন

দুর্যোগপূর্ণ আবহাওয়া

চবি প্রতিনিধি | বৃহস্পতিবার , ৯ জুলাই, ২০২৬ at ১০:৩৮ পূর্বাহ্ণ

একটানা ভারী বৃষ্টিতে সৃষ্ট দুর্যোগপূর্ণ আবহাওয়া, জলাবদ্ধতা ও পরিবহন সংকটের কারণে গতকাল বুধবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) সকল ক্লাসপরীক্ষা স্থগিত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। একই সঙ্গে অতিরিক্ত জলাবদ্ধতা এবং রেললাইনের কয়েকটি স্থানে গাছ পড়ে লাইন অবরুদ্ধ হওয়ায় বিকেল থেকে বিশ্ববিদ্যালয়ের শাটল ট্রেন চলাচলও সাময়িকভাবে বন্ধ ছিল।

গতকাল বুধবার সকাল সাড়ে ৭টায় বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মোহাম্মদ সাইফুল ইসলামের স্বাক্ষর করা এক বিজ্ঞপ্তিতে ক্লাসপরীক্ষা স্থগিতের ঘোষণা দেওয়া হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, দুর্যোগপূর্ণ আবহাওয়া, জলাবদ্ধতা এবং পরিবহন সংকটের প্রেক্ষাপটে বুধবার বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাস ও অনুষ্ঠিতব্য পরীক্ষা আদেশক্রমে স্থগিত করা হয়েছে। টানা বৃষ্টিতে চট্টগ্রামের বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা ও পরিবহন সংকট সৃষ্টি হওয়ায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষকশিক্ষার্থী এবং কর্মকর্তাকর্মচারীদের যাতায়াতে তীব্র ভোগান্তি দেখা দেয়। এরই ধারাবাহিকতায় বিকেলে শাটল ট্রেন চলাচলেও বড় ধরনের বিঘ্ন ঘটে।

গতকাল বুধবার সন্ধ্যা সাড়ে ৭টায় বিষয়টি নিশ্চিত করে বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর ড. কামরুল হোসেন বলেন, টানা বৃষ্টিপাতে রেললাইনে অতিরিক্ত জলাবদ্ধতা এবং লাইনের উপর কয়েক জায়গায় গাছ পড়ায় শাটল চলাচল বিকেল থেকে বন্ধ রয়েছে। এর আগে, দুপুর দুইটার শাটল আটকা পড়েছিল। তিনি আরও জানান, শাটল ট্রেন কখন চালু হবে তা ঠিক বলা যাচ্ছে না। তবে পরিস্থিতি স্বাভাবিক হলেই নিয়মিত শিডিউলে শাটল চলাচল করবে।

এদিকে আজ বিশ্ববিদ্যালয়ের অফিস, ক্লাস ও পরীক্ষা চলবে কি না এ বিষয়ে জানতে চাইলে ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মোহাম্মদ সাইফুল ইসলাম মুঠোফোনে বলেন, আমরা যদি এখন সবকিছু বন্ধের ঘোষণা করি। যদি পরিস্থিতি স্বাভাবিক থাকে তাহলে তো শিক্ষার্থীদের একদিনের একাডেমিক কার্যক্রম থেকে বাদ যাবে। সেটা পরিস্থিতির উপর নির্ভর করবে বন্ধ থাকবে নাকি খোলা থাকবে। বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, আবহাওয়া ও সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করে পরবর্তী সময়ে অফিস, ক্লাস, পরীক্ষা এবং শাটল ট্রেন চলাচল বিষয়ে প্রয়োজনীয় সিদ্ধান্ত জানানো হবে।

পূর্ববর্তী নিবন্ধহেয়ারকাট হবে না, আমানতকারীরা সুদসহ টাকা পাবেন : অর্থমন্ত্রী
পরবর্তী নিবন্ধশেয়ার বাজার কেলেঙ্কারির হোতাদের বিচার হবে : প্রধানমন্ত্রী