চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ইনস্টিটিউট অব ফরেস্ট্রি অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেসের পেছনের ওয়াটারশেড এলাকায় ছুরিকাঘাতের শিকার হয়েছেন এক শিক্ষার্থী। গত বুধবার সন্ধ্যা ৭টার দিকে এ ঘটনা ঘটে। আহত শিক্ষার্থীর নাম এস এম ফয়সাল হাসান। তিনি বিশ্ববিদ্যালয়ের ফরেস্ট্রি ডিপার্টমেন্টের ২০২০–২১ সেশনের শিক্ষার্থী। তার স্ত্রী একই বিশ্ববিদ্যালয়ের মিউজিক ডিপার্টমেন্টের একই সেশনের শিক্ষার্থী।
ফয়সাল বলেন, ‘আমি ওয়াটারশেড এলাকায় বসে আড্ডা দিচ্ছিলাম। তখন একজন লোক বারবার আমাদের দিকে সন্দেহজনকভাবে উঁকি দিতে থাকে। বিষয়টি আমার ওয়াইফ খেয়াল করার পর আমাকে জানায়। পরে সন্দেহ হলে আমি সঙ্গে সঙ্গে হলের ভিপিকে ফোন দিয়ে জানাই। তার দাবি করে গরু খুঁজতে এসেছে। এরই মধ্যে তার সঙ্গে আমার কথা কাটাকাটি হয়। আমি তাকে ধরতে গেলে সে পকেট থেকে ছুরি বের করে আমার হাতে, কনুইতে ও পেটে আঘাত করে পাশের খালে লাফ দিয়ে পালিয়ে যায়।
এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন সূর্যসেন হলের ভিপি। এক বিবৃতিতে তিনি বলেন, সূর্যসেন হলের ভিপি হিসেবে আমি এই ঘটনার তীব্র নিন্দা ও উদ্বেগ প্রকাশ করছি। একজন শিক্ষার্থীর ওপর ছিনতাইকারী কর্তৃক হামলার ঘটনা অত্যন্ত দুঃখজনক ও আতঙ্কজনক। বিশেষ করে সূর্যসেন হলের লেডিস ব্লকের এত নিকটবর্তী এলাকায় এমন ঘটনা আমাদের সকলের নিরাপত্তা নিয়ে বড় প্রশ্ন তৈরি করেছে।
এ সম্পর্কে বিশ্ববিদ্যালয় মেডিকেলের চিফ মেডিকেল অফিসার (ভারপ্রাপ্ত) ডা. আবু তৈয়ব বলেন, গতকাল এক শিক্ষার্থী মেডিকেলে এসেছে। তার বাহুতে ছুরিকাঘাত ছিল। সেখানে ২টা সেলাই দেওয়া হয়েছে। এছাড়া শরীরের অন্যান্য স্থানেও আঘাত পেয়েছে। চিকিৎসা নিয়ে চলে গেছে। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. হোসেন শহীদ সরওয়ার্দী ও সহকারী প্রক্টর রিপদ বাদশাকে একাধিকবার কল করেও কোনো সাড়া পাওয়া যায়নি।












