চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কলা ও মানববিদ্যা অনুষদভুক্ত সকল বিভাগ–ইনস্টিটিউটের শিক্ষার্থীদের সঙ্গে ‘মিট দ্য ভাইস চ্যান্সেলর’ শীর্ষক মতবিনিময় সভা গত বৃহস্পতিবার বেলা ১২টায় শহীদ হৃদয় চন্দ্র তরুয়া ভবনের (দ্বিতীয় কলা ও মানববিদ্যা অনুষদ) পরীক্ষার হল কক্ষে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ আল্–ফোরকান সবার উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ ও দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।
এসময় উপস্থিত ছিলেন চবি উপ–উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মো. সফিকুল ইসলাম ও কলা ও মানববিদ্যা অনুষদের ডিন প্রফেসর ড. মো. ইকবাল শাহীন খান।
উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ আল্–ফোরকান বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক উন্নয়নে সকলের আন্তরিক সহযোগিতার আহ্বান জানান। তিনি শিক্ষা ও গবেষণার মানোন্নয়ন এবং শিক্ষার্থীদের সার্বিক কল্যাণে তাঁর প্রশাসনের অঙ্গীকার ব্যক্ত করেন। এছাড়া তিনি অনুষদের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার কথা শোনেন এবং পর্যায়ক্রমে তা সমাধানের আশ্বাস দেন। উপাচার্য বলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়কে একটি আধুনিক, মানসম্মত ও আন্তর্জাতিক পর্যায়ের বিশ্ববিদ্যালয়ে পরিণত করাই আমাদের নতুন প্রশাসনের মূল লক্ষ্য। শিক্ষার পরিবেশ উন্নয়ন, সময়মতো পরীক্ষা গ্রহণ, ওবিই কারিকুলাম সঠিকভাবে কার্যকর, গবেষণায় শিক্ষার্থী ও শিক্ষকদের উৎসাহিত করা, আন্তর্জাতিক সহযোগিতা বৃদ্ধি এবং বিশ্ববিদ্যালয়ের র্যাংকিং উন্নয়নে আমরা কাজ করছি। সভায় শিক্ষার্থীরা তাদের গুরুত্বপূর্ণ মতামত, পরামর্শ এবং বিভিন্ন সমস্যা তুলে ধরেন। উপাচার্য ও উপ–উপাচার্য সেসব পরামর্শ ও মতামত মনোযোগ দিয়ে শুনেন এবং যাবতীয় বিষয়ে সমাধানের আশ্বাস প্রদান করেন। প্রেস বিজ্ঞপ্তি।












