চট্টগ্রামে নতুন করে আরো ৪৬ শিশু হামের উপসর্গ নিয়ে সরকারি–বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছে। এদের মধ্যে ৪৪ জন নগরীর এবং ২ জন উপজেলার বাসিন্দা। এ নিয়ে এখন পর্যন্ত হাসপাতালে মোট ভর্তি হয়েছে ১ হাজার ৬৭২ জন, সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ হাজার ৪০৪ জন । বর্তমানে হাসপাতালে ভর্তি আছে ২৬৮ জন। এছাড়া গতকাল নতুন করে আরো ৫ জন শিশু হাম শনাক্ত হয়েছে। এ নিয়ে চট্টগ্রামে এখন পর্যন্ত হাম শনাক্ত হয়েছে ১৩৪ শিশুর। অন্যদিকে মোট ৮ জন হামের উপসর্গ নিয়ে মারা গেছে এবং নিশ্চিত হামে মারা গেছে একজন।
অন্যদিকে গতকাল আরো ১২ শিশুর নমুনা পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। এখন পর্যন্ত নমুনা পাঠানো হয়েছে ১ হাজার ৪২ শিশুর। চট্টগ্রাম জেলার সিভিল সার্জন কার্যালয়ের প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে।
সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম বলেন, হাম প্রতিরোধে বর্তমানে টিকার ক্যাম্পেইন চলছে। হাম প্রতিরোধে চট্টগ্রাম নগরী ও উপজেলায় ক্যাম্পেইন শুরু হয় গত ২০ এপ্রিল। সে সময় নগরীতে ২০ মে পর্যন্ত এবং উপজেলায় ক্যাম্পেইনের সময়সীমা নির্ধারণ করা হয় ১০ মে পর্যন্ত। পরবর্তীতে আরো ১০ দিন বাড়িয়ে সেটি ২০ মে পর্যন্ত করা হয়। তবে আজ (গতকাল) পর্যন্ত আমরা আমাদের লক্ষ্যমাত্রা থেকে বেশি পরিমাণ টিকা দিয়েছি। তারপরেও কেউ যাতে বাদ না পড়ে তাই আমরা খুঁজে খুঁজে টিকা দিচ্ছি। তবে আগামীকাল (আজ) টিকার ক্যাম্পেইন শেষ হচ্ছে।











