কৃষ্টির আয়োজনে ও চট্টগ্রাম বধির উন্নয়ন সংঘের সহযোগীতায় ১০ দিনব্যাপী বাংলা ইশারা ভাষার প্রশিক্ষণ কর্মশালার সমাপনী ও সনদ বিতরণ আয়োজন গতকাল শনিবার বিকেল ৪টায় চট্টগ্রাম শিল্পকলা একাডেমীতে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বক্তাগণ বলেন, চটগ্রামের সরকারি এবং বেসরকারি অফিসে বাংলা ইশারা ভাষার দোভাষী সেবা নিয়োগ এবং চট্টগ্রাম কেন্দ্রিক সংবাদ প্রচারে বাংলা ইশারা ভাষার দোভাষী ব্যবস্থা রাখা দরকার। যেমন রাজধানি ঢাকায় প্রচলন আছে। বক্তারা সকল ক্ষেত্রে শ্রবণ প্রতিবন্ধী মানুষের অংশগ্রহণের জন্য ব্যবস্থা গ্রহণের উদ্যোগ নেয়ার আশ্বাস দেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অনলাইনে যুক্ত ছিলেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সিনিয়র সহকারি সচিব মনোয়ারা ইকবাল মুন্নি। বিশেষ অতিথি ছিলেন বিজিএমইএ ফ্যাশন এন্ড টেকনোলোজি ইন্সটিটিউটের গভর্নিং বডির সভাপতি নাসির উদ্দিন চৌধুরী, চট্টগ্রাম বধির উন্নয়ন সংঘের প্রধান উপদেষ্টা ফিরোজ আহমেদ, কথা সাহিত্যিক ফেরদৌস আরা আলিম। সমাবেশে আরো বক্তব্য দেন চট্টগ্রাম বধির উন্নয়ন সংঘের সাধারণ সম্পাদক নিমাই বনিক, সাবেক উপজেলা সমাজসেবা কর্মকর্তা স্বাধীন বিশ্বাস। সমাবেশে সভাপতিত্ব করেন কৃষ্টির সভাপতি সাবরিনা সুলতানা। অনুষ্ঠানের শুরুতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন কৃষ্টির সাধারণ সম্পাদক তাসনিন সুলতানা। মূল প্রবন্ধে বাংলা ইশারা ভাষার দোভাষী প্রশিক্ষণ প্রচলন, চট্টগ্রামে ইশারা ভাষার দোভাষী সেবা প্রচলন, শিক্ষকদের বাংলা ইশারা ভাষার প্রশিক্ষণ, বিচারিক ব্যবস্থায় বাংলা ইশারা ভাষার দোভাষীর সেবা চালু ও কর্মক্ষেত্রে বৈষম্য নিরসনের দাবি উপস্থাপন করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।













