নাইক্ষংছড়িতে কলেজ ক্যাম্পাসে সহপাঠীর ছুরিকাঘাতে আহত ২

সড়ক অবরোধ

নাইক্ষ্যংছড়ি প্রতিনিধি | রবিবার , ১২ জুন, ২০২২ at ৮:৫২ পূর্বাহ্ণ

 

 

নাইক্ষংছড়ি হাজি এম এ কালাম সরকারি কলেজ ক্যম্পাসে ছুরিকাঘাতে ২ ছাত্র গুরুতর আহত হয়েছেন। আহতরা হলো শহিদুল কামাল (১৭) ও আক্তার হোসেন (১৭)। তাদের একজনের অবস্থা গুরুতর। গতকাল সকালে এ ঘটনা ঘটে। ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ রাকিব (১৭) নামে ১ জনকে আটক করেছে। এদিকে ঘটনার জের ধরে নাইক্ষ্যংছড়িরামু সড়কে কাউয়ারখোপের শিক্ষার্থীদের অভিভাবকসহ সাধারণ মানুষ শনিবার সকাল ১২টা থেকে প্রায় ৫/৬ ঘণ্টা সড়ক অবরোধ করে রাখে। পরে এমপি সাইমুম সরওয়ার কমল সাহেবের হস্তক্ষেপে তারা অবরোধ তুলে নেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, আটক রাকিব, আহত শহিদুল ও আক্তার প্রথম বর্ষের শিক্ষার্থী। গত ৪ দিন আগের বাকবিতণ্ডার জেরে এ ঘটনা ঘটে। ঘটনার পর পুলিশ রাকিবকে আটক করে থানায় নিয়ে যান। আর আহতদের চিকিৎসার জন্যে প্রথমে নাইক্ষ্যংছড়ি পরে চট্টগ্রাম রেফার করেন চিকিৎসরা।

কলেজ অধ্যক্ষ আ ম রফিকুল ইসলাম বলেন, মূলত আটক রাকিবুল ইসলাম প্রথম বর্ষের ছাত্র। সে খুবই উচ্ছৃঙ্খল। কলেজ ক্যাম্পাসে নিরীহ ছাত্রদের ছুরি মেরে গুরুতর আহত করা ন্যাক্কারজনক ঘটনা। পুলিশ ঘটনায় হাত দিয়েছেন। তারা নিরেপক্ষ তদন্ত করে কী বের করে দেখা যাক।

নাইক্ষ্যংছড়ি থানার অফিসার ইনচার্জ টানটু সাহা বলেন, আটক ছাত্র রাকিব নাবালক হলেও তাকে ছাড়া যাবে না। আহতদের পরিবার বা কলেজ কতৃপক্ষ যেই হোক, মামলা বা অভিযোগ করলে আইনী ব্যবস্থা নেয়া হবে।

পূর্ববর্তী নিবন্ধএই সরকারের কাছে জনগণের কোনো নিরাপত্তা নেই
পরবর্তী নিবন্ধচট্টগ্রামে বাংলা ইশারা ভাষার দোভাষী সেবার দাবি