চট্টগ্রামে প্রথমবার মুখোমুখি বাংলাদেশ-নিউজিল্যান্ড

টি-টোয়েন্টি সিরিজ শুরু আজ

ক্রীড়া প্রতিবেদক | সোমবার , ২৭ এপ্রিল, ২০২৬ at ৭:১৯ পূর্বাহ্ণ

নিউজিল্যান্ডের বিপক্ষে চট্টগ্রামে ওয়ানডে সিরিজ জিতে বেশ চাঙ্গা আছে বাংলাদেশ দল। এই চনমনে অবস্থাকে সামনে রেখে আজ থেকে চট্টগ্রামের বীর শ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টিটোয়েন্টি সিরিজ শুরু করছে বাংলাদেশ। চট্টগ্রামের মাটিতে প্রথমবারের মতো আন্তর্জাতিক টিটোয়েন্টি ম্যাচে একে অপরের বিপক্ষে লড়ছে এই দুই দল। এর আগে চট্টগ্রামে টিটোয়েন্টি ফরম্যাটে কোন ম্যাচে মুখোমুখি হয়নি দল দুটি। এই ফরম্যাটে নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ সবগুলো ম্যাচ খেলেছে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। মিরপুরে ৬ ম্যাচ খেলে সমান ৩টিতে জয় ও হারের স্বাদ পেয়েছে টাইগাররা। যদিও চট্টগ্রামে টিটোয়েন্টি ম্যাচ খেলার অভিজ্ঞতা আছে নিউজিল্যান্ডের। ১২ বছর আগে ২০১৪ সালে টিটোয়েন্টি বিশ্বকাপে শ্রীলংকার মুখোমুখি হয়েছিল তারা। ৫৯ রানে ঐ ম্যাচ হেরেছিল কিউইরা।

এদিকে জয়ের লক্ষ্য নিয়েই টিটোয়েন্টি সিরিজ শুরু করতে চাইছে বাংলাদেশ। কিউইদের বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়ে টিটোয়েন্টি ফরম্যাটেও সাফল্যের ব্যাপারে আত্মবিশ্বাসী বাংলাদেশ দল। অন্যদিকে ওয়ানডের হার টিটোয়েন্টি সিরিজ জিতে ভুলতে চায় সফরকারী নিউজিল্যান্ড। চট্টগ্রামের বীর শ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে দুপুর ২টায় শুরু হবে সিরিজের প্রথম টিটোয়েন্টি। টিস্পোর্টস এবং নাগরিক টিভি খেলাটি সম্প্রচার করবে। ২১ ব্যবধানে ওয়ানডে সিরিজ জেতা বাংলাদেশ টিটোয়েন্টি ফরম্যাটেও আত্মবিশ্বাসী। প্রথম টিটোয়েন্টির আগে গতকাল বাংলাদেশ অধিনায়ক লিটন দাস বলেন, ওয়ানডের পর এখন টিটোয়েন্টি খেলা। অবশ্যই ভিন্ন ফরম্যাট। তবে ভালো ক্রিকেট খেলার ধারাবাহিকতা অব্যাহত রাখার চেষ্টা করব আমরা। ওয়ানডের মত টিটোয়েন্টিতে ভালো পারফরমেন্স করতে মুখিয়ে আছে দলের সবাই।’ তিনি আরও বলেন, ‘এটা আন্তর্জাতিক ম্যাচ, প্রতিটি ম্যাচই প্রতিটি খেলোয়াড়ের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমার মনে হয় দলের সবাই ওভাবে চিন্তা করবে এবং বাংলাদেশের হয়ে খেলার জন্য যা যা করণীয় ও জয়ের যে মানসিকতা দরকার সেটা নিয়ে সবাই মাঠে নামবে।’ লিটন বলেন, পারভেজ হোসেন ইমনকে আপাতত মিডল অর্ডারেই ভাবছে দল, লোয়ার অর্ডারে শেখ মেহেদি, রিশাদ হোসেন, নাসুম আহমেদের কাছেও রান চান অধিনায়ক লিটন দাস। ২০২৫ সালের নভেম্বরে সর্বশেষ টিটোয়েন্টি ফরম্যাটে খেলেছে বাংলাদেশ। ঘরের মাঠে আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের সিরিজ ২১ ব্যবধানে জিতেছিল টাইগাররা। এরপর নিরাপত্তার কারণে ভারতের মাটিতে টিটোয়েন্টি বিশ্বকাপে খেলতে যায়নি বাংলাদেশ। তাই প্রায় পাঁচ মাস পর টিটোয়েন্টিতে খেলতে নামছে লিটন দাসের দল। অনেক দিন পর টিটোয়েন্টি খেলতে নামায় কোন চাপ মনে করছেন না লিটন। তিনি বলেন, ‘অনেকদিন পর আমরা আবার টিটোয়েন্টি ফরম্যাটে খেলবো। আমরা কোন বাড়তি চাপ দিতে চাচ্ছি না। দুইএকটা ম্যাচ খেললে যে যার জায়গা থেকে বুঝতে পারবে। কারণ এখানে সেটআপেরও বিষয় আছে। ভালো দিক হলো এই বছর তিনটি সিরিজের সবগুলোই ভালো দলের সাথে খেলতে হবে আমাদের। একবার খেললে পরের সিরিজটাও আমাদের জন্য তুলনামূলক সহজ হয়ে যাবে।’

গত মার্চে সর্বশেষ টিটোয়েন্টি ফরম্যাটে খেলেছে নিউজিল্যান্ড। ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার কাছে পাঁচ ম্যাচের সিরিজ ৩২ ব্যবধানে হারে ব্ল্যাকক্যাপসরা। এরমধ্যে সদ্যই বাংলাদেশের কাছে ওয়ানডে সিরিজ হারে চাপে রয়েছে নিউজিল্যান্ড।

তবে বাংলাদেশের কাছে ওয়ানডেতে হারের ক্ষত টিটোয়েন্টি সিরিজ জিতে ভুলতে চায় কিউইরা। নিউজিল্যান্ড অধিনায়ক টম ল্যাথাম বলেন, ওয়ানডেতে আমরা ভালো খেলেছি, কিন্তু সিরিজ জিততে পারিনি। তবে আমাদের এখন মূল লক্ষ্য টিটোয়েন্টি সিরিজ জয়।’ ওয়ানডের মত টিটোয়েন্টিতেও খর্বশক্তির দল নিউজিল্যান্ডের। উপরের সারির বেশিরভাগ খেলোয়াড় ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) এবং পাকিস্তান সুপার লিগ (পিএসএল) নিয়ে ব্যস্ত। পাশাপাশি কিছু খেলোয়াড় ইনজুরিতে ভুগছেন। দলে থাকা খেলোয়াড়রা অনভিজ্ঞ হলেও, সবার সামর্থ্য আছে বলে জানান ল্যাথাম, ‘আমি চাই খেলোয়াড়রা নিজেদের স্বাভাবিক খেলা খেলুক। তারা ঘরোয়া ক্রিকেটে পারফর্ম করেই এখানে এসেছে। আমাদের বার্তা হলো নিজেদের স্বাভাবিক খেলাটা খেলা। নিজেদের ব্র্যান্ডের ক্রিকেট খেলা এবং প্রয়োজনে মানিয়ে নেওয়া।’

এখন পর্যন্ত টিটোয়েন্টিতে ২০বার মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও নিউজিল্যান্ড। এরমধ্যে ৪টি ম্যাচ জিতেছে টাইগাররা। ১৫ ম্যাচে জয় আছে কিউইদের। ১টি ম্যাচ পরিত্যক্ত হয়। নিউজিল্যান্ডের বিপক্ষে মাত্র একবার সিরিজ জিতেছে বাংলাদেশ। ২০২১ সালের সেপ্টেম্বরে ঘরের মাঠে পাঁচ ম্যাচের সিরিজ ৩২ ব্যবধানে জিতে নেয় টাইগাররা। এছাড়া ২০২৩ সালে বাংলাদেশ ও নিউজিল্যান্ডের মধ্যকার সর্বশেষ তিন ম্যাচের টিটোয়েন্টি সিরিজ ১১ সমতায় শেষ হয়।

পূর্ববর্তী নিবন্ধঅভিমান করে ঘর ছাড়ে কিশোর, অপহরণকারী পরিচয়ে মুক্তিপণ চায় প্রতারক চক্র
পরবর্তী নিবন্ধঝোপে বস্তার ভেতর ২৩ লাখ ৭৩ হাজার টাকা