নগরে একটি সিএনজি স্টেশনের অফিস থেকে চুরিকৃত ২৩ লাখ ৭৩ হাজার ৫১০ টাকাসহ চোরচক্রের মূল হোতাকে গ্রেপ্তার করেছে চান্দগাঁও থানা পুলিশ। ধৃত চোর হচ্ছেন মো. ইউনুছ রনি (৩৭)। চুরির ঘটনার ১২ ঘণ্টার মধ্যে গতকাল রোববার চান্দগাঁওয়ের মৌলভী পুকুর পাড় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ধৃত রনি ওই এলাকার আলী মিস্ত্রির বাড়ির মৃত কামাল হোসেনের ছেলে।
পুলিশ জানায়, গত শনিবার সন্ধ্যা ৬টা থেকে রাত আনুমানিক ৯টার মধ্যে চান্দগাঁও সিঅ্যান্ডবি মোড়ের ক্লিউইস্টন সিএনজি স্টেশনে চুরির ঘটনা ঘটে। এ ঘটনায় সিএনজি স্টেশনের পক্ষে মো. কামরুল ইসলাম বাদী হয়ে থানায় অভিযোগ দায়ের করেন। এতে বলা হয়, অজ্ঞাতনামা চোর ক্লিউইস্টন সিএনজি স্টেশনের অফিস কক্ষের পিছনের জানালার গ্রিল কেটে ভিতরে প্রবেশ করে। অফিসে স্টিলের আলমারির লকারে থাকা নগদ ২৬ লাখ ২৯ হাজার ৩৫২ টাকা চুরি করে নিয়ে যায়।
সিএমপির সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, অভিযোগ পেয়ে চান্দগাঁও থানা পুলিশের গঠিত একটি টিম নগরের বিভিন্ন স্থানে একাধিক অভিযান চালায়। পরবর্তীতে গোপন সংবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে মো. ইউনুছ রনিকে গ্রেপ্তার করা হয়। তার দেওয়া স্বীকারোক্তি অনুযায়ী দক্ষিণ মোহরা কবির টাওয়ারের পিছনে হাড্ডির বাড়ির ওসমানের মায়ের কলোনির পার্শ্ববর্তী ঝোপঝাড় থেকে ২টি প্লাস্টিকের বস্তার ভিতরে থাকা নগদ ২৩ লাখ ৭৩ হাজার ৫১০ টাকা উদ্ধার করা হয়।














