চট্টগ্রামমুখী ১১ দলের লং মার্চ আজ

বহরে থাকবে দেড় হাজার গাড়ি সকালে শাপলা চত্বরে উদ্বোধনী সমাবেশ, সন্ধ্যায় লালদীঘিতে জনসভা

| শনিবার , ৫ সেপ্টেম্বর, ২০২৬ at ১০:৫৬ পূর্বাহ্ণ

গণভোটের রায় বাস্তবায়নসহ বিভিন্ন দাবিতে ঢাকাচট্টগ্রাম অভিমুখে আজ শনিবার জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন জোট ১১ দলীয় ঐক্যের ‘লং মার্চ’। কর্মসূচি বাস্তবায়নে প্রশাসন যথাযথভাবে সহযোগিতা করবে বলে তাদের আশা। গতকাল শুক্রবার এক ব্রিফ্রিংয়ে এ প্রত্যাশার কথা তুলে ধরেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। তিনি বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর বিরোধীদল জনগণের দুর্ভোগ লাঘবে সংসদের ভেতরে ও বাইরে এখনো নিয়মতান্ত্রিক, গঠনমূলক ও দায়িত্বশীল ভূমিকা পালন করছে। সরকারের প্রতি আমাদের অনুরোধ, বিরোধী দলের সর্ববৃহৎ শান্তিপূর্ণ রাজনৈতিক কর্মসূচিকে সফল করতে সকল প্রশাসনিক সহযোগিতা দিয়ে সরকার জনগণের আস্থায় থাকবে। ব্রিফিংয়ের আগে শনিবারের ঢাকাচট্টগ্রাম ‘লং মার্চ’ নিয়ে বৈঠক করেন জামায়াত জোটের লিঁয়াজো কমিটির নেতারা। জামায়াতের প্রচার বিভাগের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বৈঠকে লং মার্চের সবশেষ প্রস্তুতি, উদ্বোধনী সমাবেশসহ নানা বিষয়ে চূড়ান্ত আলোচনা করেন নেতারা।

বৈঠকে অংশগ্রহণ করেন মিয়া গোলাম পরওয়ার, ১১ দলীয় ঐক্যের সমন্বয়ক হামিদুর রহমান আযাদ, এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) ভারপ্রাপ্ত মহাসচিব বিল্লাল হোসাইন মিয়াজী, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির সিনিয়র নায়েবে আমির আবদুল মাজেদ আতহারী, এ বি পার্টির যুগ্ম মহাসচিব আব্দুল্লাহ আল মামুন, বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান, জাগপার সহসভাপতি ও মুখপাত্র রাশেদ প্রধান, বাংলাদেশ খেলাফত আন্দোলনের মহাসচিব ফখরুল ইসলাম, জাগপার সাধারণ সম্পাদক ইকবাল হোসাইন।

মগবাজারের জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকের পর সাংবাদিকদের সামনে কর্মসূচি নিয়ে জোটের অবস্থান তুলে ধরেন লং মার্চ বাস্তবায়ন কমিটির আহ্বায়ক মিয়া গোলাম পরওয়ার। তিনি বলেন, যদি সরকারের কোনো দল বা কেউ লং মার্চে কোনো প্রতিকূল পরিবেশ তৈরি করে, তাহলে তারা জনগণের আস্থা হারাচ্ছেন, আরও হারাবে এবং জনরোষের মুখোমুখি হবে। গোলাম পরওয়ার বলেন, এরকম কোনো অপরিণামদর্শী পথে সরকার ও সরকারি দলের কেউ পা বাড়াবে না।

এ কর্মসূচির সব ধরনের প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে জানিয়ে মিয়া গোলাম পরওয়ার বলেন, লং মার্চের বহরে প্রায় দেড় হাজার গাড়ি যুক্ত হবে বলে তারা ইতোমধ্যে জানতে পেরেছেন। শুক্রবার দুপুরে করা ব্রিফিংয়ে জানানো হয়, শনিবার সকাল ৭টায় মতিঝিলের শাপলা চত্বরে লং মার্চের উদ্বোধনী সমাবেশ অনুষ্ঠিত হবে। পূর্বনির্ধারিত বিভিন্ন পয়েন্টে হবে পথসভা জানিয়ে গোলাম পরওয়ার বলেন, প্রথমটি নারায়ণঞ্জের কাচপুর ব্রিজের কাছে ট্রাকস্ট্যান্ডে, কুমিল্লার পদুয়া বাজার বিশ্বরোড, ফেনীর মহীপাল, চট্টগ্রামের মীরসরাইয়ে পথসভা শেষে লালদীঘি ময়দানে জনসভা অনুষ্ঠিত হবে। যানজট বা যান্ত্রিক কোনো সমস্যা না হলে সন্ধ্যা বা মাগরিবের মধ্যে গাড়িবহর চট্টগ্রামের লালদীঘি ময়দানে পৌঁছানোর আশা করা হচ্ছে বলে জানান জামায়াতের সেক্রেটারি জেনারেল। লালদীঘি ময়দানে ১১ দলের নেতাদের অংশগ্রহণে জনসভা হবে।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন ১১ দলীয় ঐক্যের শীর্ষনেতা, জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান। এতে সভাপতিত্ব করবেন সাবেক মন্ত্রী, বাংলাদেশ লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি ড. কর্নেল অলি আহমদ বীর বিক্রম। সমাবেশে ১১ দলীয় ঐক্যের কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন।

এদিকে সমাবেশ সফল করার লক্ষ্যে জামায়াতে ইসলামীসহ ১১ দলীয় ঐক্যের বিভিন্ন দলের নেতাকর্মীরা গতকাল শুক্রবার চট্টগ্রাম নগরীর বিভিন্ন থানা ও ওয়ার্ডে ব্যাপক প্রচারপ্রচারণা চালিয়েছেন। এর অংশ হিসেবে লিফলেট বিতরণ, স্বাগত মিছিল ও পথসভাসহ বিভিন্ন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধকানাডার বিনিয়োগকারীদের জ্বালানি খাতে বিনিয়োগের আহ্বান মেয়রের
পরবর্তী নিবন্ধচট্টগ্রাম বন্দরের এনসিটি ও সিসিটি বিদেশিদের হাতে না দেওয়ার আহ্বান