উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হয়েছে চবি ব্যাচ ৩২ ক্লাব চট্টগ্রামের কার্যনির্বাহী কমিটির নির্বাচন-২০২৬।
শুক্রবার (১৭ জুলাই) চট্টগ্রাম ক্লাবের ফ্যামিলি ডাইনিং হলে অনুষ্ঠিত নির্বাচনে আজীবন সদস্যরা উপস্থিত হয়ে উৎসবমুখর পরিবেশে তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। ভোটগ্রহণ শেষে শান্তিপূর্ণভাবে ভোট গণনা সম্পন্ন হয় এবং নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়।
ঘোষিত ফলাফলে সর্বোচ্চ ভোট পেয়ে মুহাম্মদ সাজ্জাদুল আনিস টিটো সভাপতি, মুহাম্মদ আকতার মইনুল হক সাধারণ সম্পাদক এবং মোহাম্মদ একরামুল হক অর্থ সম্পাদক নির্বাচিত হয়েছেন। নির্বাচন পরিচালনার দায়িত্বে ছিলেন পুর্বগঠিত নির্বাচন কমিশনের সদস্য ড. মুহাম্মদ ওয়াহিদ আলম, শাহাদাত হোসেন নয়ন এবং নুসরাত জাহান।
নির্বাচন কমিশন সুষ্ঠু, নিরপেক্ষ ও স্বচ্ছভাবে ভোটগ্রহণ সম্পন্ন করায় উপস্থিত সদস্যরা সন্তোষ প্রকাশ করেন॥
নির্বাচনে বিজয়ী নেতৃবৃন্দ ক্লাবের সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ব্যাচ ৩২-এর সদস্যদের মধ্যে পারস্পরিক যোগাযোগ, বন্ধন ও সম্প্রীতি আরও সুদৃঢ় করতে তারা আন্তরিকভাবে কাজ করবেন। পাশাপাশি সামাজিক, সাংস্কৃতিক, মানবিক ও কল্যাণমূলক কার্যক্রমকে আরও সম্প্রসারণের প্রত্যয় ব্যক্ত করেন।
এদিকে নির্বাচন শেষে উপস্থিত সদস্যরা নবনির্বাচিত কমিটিকে শুভেচ্ছা জানান। পরে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে শুভেচ্ছা বিনিময় ও মতবিনিময়ের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।












