চট্টগ্রাম ও সিলেট থেকে তুরস্কে সরাসরি ফ্লাইট চালুর আহ্বান বিমান মন্ত্রীর

তুরস্কের রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক

| বৃহস্পতিবার , ১ অক্টোবর, ২০২৬ at ৫:২৯ পূর্বাহ্ণ

প্রবাসী বাংলাদেশিদের ক্রমবর্ধমান ভ্রমণ চাহিদা পূরণ এবং আন্তর্জাতিক যোগাযোগ বাড়াতে চট্টগ্রাম ও সিলেট থেকে তুরস্কে সরাসরি ফ্লাইট চালুর বিষয়টি বিবেচনার জন্য দেশটির প্রতি আহ্বান জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। গতকাল বুধবার মন্ত্রণালয়ে তার নিজ কার্যালয়ে বাংলাদেশে নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত রামিস শেনের নেতৃত্বাধীন একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে তিনি এ প্রস্তাব দেন। খবর বাসসের।

মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর ও সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তুরস্কের সঙ্গে সরাসরি বিমান যোগাযোগ চালুর ওপর বিশেষ গুরুত্ব দেন মন্ত্রী। বৈঠকে রশিদুজ্জামান মিল্লাত বলেন, প্রবাসী বাংলাদেশিদের মধ্যে অধিকাংশের বাড়ি চট্টগ্রাম ও সিলেটে। তাদের আন্তর্জাতিক ভ্রমণের প্রয়োজন অনেক বেশি। এই দুই বিমানবন্দর থেকে সরাসরি ফ্লাইট চালু হলে আন্তর্জাতিক ভ্রমণ আরও সহজ হবে এবং বাংলাদেশ ও তুরস্কের জনগণের মধ্যকার যোগাযোগ আরও জোরদার হবে বলে তিনি উল্লেখ করেন।

তুর্কী প্রতিনিধিদলে আরও ছিলেন তুরস্ক দূতাবাসের কমার্শিয়াল কাউন্সেলর বিলাল বেলইউর্ট এবং বাংলাদেশে টার্কিশ এয়ারলাইনসের কান্ট্রি ডিরেক্টর ইসলাম গুরে। বৈঠকে দুই দেশের বিমান যোগাযোগ সম্প্রসারণের বিষয়টি বিশেষ গুরুত্ব পায়। ঢাকা–ইস্তাম্বুল রুটে টার্কিশ এয়ারলাইনসের ফ্লাইটের সংখ্যা বাড়াতে তুরস্কের আগ্রহকেও মন্ত্রী স্বাগত জানান।

বর্তমানে টার্কিশ এয়ারলাইনস ঢাকা–ইস্তাম্বুল রুটে সপ্তাহে সাতটি ফ্লাইট পরিচালনা করছে। তুরস্কের পক্ষ থেকে এ রুটে আরও তিনটি সাপ্তাহিক ফ্লাইট চালুর আগ্রহের কথা জানানো হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রামে সেপ্টেম্বরে ডেঙ্গু আক্রান্ত ২ হাজার ৪৩০ জন, মৃত্যু ১৬
পরবর্তী নিবন্ধটিকাদান কার্যক্রমকে শতভাগ সফল করতে হবে