চক্ষু বিশেষজ্ঞ অধ্যাপক ডা. রবিউল হোসেনের ইন্তেকাল

আজাদী প্রতিবেদন | রবিবার , ২৮ জুন, ২০২৬ at ৫:৪৫ পূর্বাহ্ণ

চট্টগ্রামের বিশিষ্ট চক্ষু বিশেষজ্ঞ, চট্টগ্রাম চক্ষু হাসপাতাল ও প্রশিক্ষণ কেন্দ্র (সিইআইটিসি)’র ম্যানেজিং ট্রাস্টি অধ্যাপক ডা. রবিউল হোসেন গতকাল দুপুর সাড়ে ১২টা নাগাদ নগরীর বেসরকারি হাসপাতাল ইম্পেরিয়ালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি——-রাজিউন)। তার বয়স হয়েছিল ৯০ বছর। তিনি গত বেশ কিছুদিন যাবত বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি দুই পুত্রসহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। গতকাল বাদ এশা জমিয়তুল ফালাহ জাতীয় মসজিদ প্রাঙ্গণে মরহুমের প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার সকাল ৯ টায় পাহাড়তলী চক্ষু হাসপাতাল প্রাঙ্গণে মরহুমের দ্বিতীয় নামাজে জানাযা এবং বাদ জোহর মীরসরাইয়ের কাঠাছড়ায় তৃতীয় নামাজে জানাজা শেষে মরহুমের লাশ পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

অধ্যাপক ডা. রবিউল হোসেন তার কল্যাণমূলক কাজের স্বীকৃতি স্বরূপ জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে বহু সম্মানে ভূষিত হন। মীরসরাইয়ের সমাজ সেবক ডা. আহমেদুর রহমান ও ওয়াহিদুন্নেসার একমাত্র পুত্র অধ্যাপক ডা. রবিউল হোসেন দেশের প্রত্যন্ত অঞ্চলে চক্ষু চিকিৎসা সেবা পৌঁছাতে নানাভাবে কাজ করেছেন। তিনি এশিয়া প্যাসিফিক একাডেমি অফথালমোলজিতে ২০ বছরেরও অধিক সময় জাতীয় কাউন্সিলর এবং আঞ্চলিক সচিব হিসেবে, ইন্টারন্যাশনাল এজেন্সি ফর প্রিভেনশন অফ ব্লাইন্ডনেসএ চেয়ারম্যান হিসেবে ৮ বছর নেতৃত্ব দেন। এছাড়া তিনি বিশ্বমানের ‘ইম্পেরিয়াল হসপিটাল জেনারেল হাসপাতাল এবং নার্সিং ট্রেনিং সেন্টারে’র প্রতিষ্ঠাকালীন চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন।

পূর্ববর্তী নিবন্ধবছরের পর বছর ভাড়া বকেয়া, রাজস্ব হারাচ্ছে সরকার
পরবর্তী নিবন্ধকারবালা স্মরণে নগরে শোক র‌্যালি