ঘরোয়া ক্রিকেটে ছয় দলের নতুন টুর্নামেন্ট চূড়ান্ত

| সোমবার , ২১ সেপ্টেম্বর, ২০২৬ at ১১:০৩ পূর্বাহ্ণ

ঘরোয়া ক্রিকেটে খেলোয়াড়দের ম্যাচ ফি বাড়ানোর সিদ্ধান্ত আগেই নিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। গতকাল বিসিবি সভায় সেটি অনুমোদন করেছে সংস্থাটি। একই সঙ্গে তিন সংস্করণে ছয় দল নিয়ে নতুন একটি ঘরোয়া ক্রিকেট কাঠামো চালুর নীতিগত সিদ্ধান্ত হয়েছে। নতুন এই কাঠামোর প্রথম আয়োজন হিসেবে আগামী ডিসেম্বরে টিটোয়েন্টি প্রতিযোগিতা মাঠে গড়ানোর সম্ভাবনা রয়েছে। খবর নবাংলানিউজের।

গতকাল রোববার ভার্চুয়ালি অনুষ্ঠিত বিসিবি পরিচালনা পর্ষদের চতুর্থ সভায় ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি পুনর্নির্‌ধারণের অনুমোদন দেওয়া হয়। ওয়ার্কিং কমিটির প্রস্তাব অনুযায়ী, পুরুষদের চার দিনের ক্রিকেটে প্রতি ম্যাচের ফি ১ লাখ ৫০ হাজার টাকা, ওয়ানডেতে ১ লাখ টাকা এবং টিটোয়েন্টিতে ৮০ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) দ্বিতীয় একাদশের ক্রিকেটাররা প্রতি ম্যাচে পাবেন ১৫ হাজার টাকা। নারীদের ঘরোয়া ক্রিকেটেও ম্যাচ ফি বাড়ানো হয়েছে। তিন দিনের ক্রিকেটে প্রতি ম্যাচে ৪০ হাজার টাকা, ওয়ানডেতে ৩০ হাজার টাকা এবং টিটোয়েন্টিতে ২০ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। এ ছাড়া বাংলাদেশ অনূর্ধ্ব১৯ দলের ক্রিকেটারদের দৈনিক ভাতা দ্বিগুণ করা হয়েছে। ১০ হাজার টাকা থেকে বাড়িয়ে তা ২০ হাজার টাকা করার অনুমোদন দিয়েছে বোর্ড। ম্যাচ ফি বাড়ানোর পাশাপাশি ঘরোয়া ক্রিকেটের কাঠামোতেও পরিবর্তন আনতে যাচ্ছে বিসিবি। ফার্স্ট ক্লাস (চার দিনের), লিস্ট ‘এ’ ওয়ানডে ও লিস্ট ‘এ’ টিটোয়েন্টিতিন সংস্করণকে একই প্রতিযোগিতা কাঠামোর অধীনে নিয়ে আসার পরিকল্পনা করা হয়েছে। এতে থাকবে ছয়টি দল। প্রস্তাবিত কাঠামোতে বাংলাদেশের প্রতিষ্ঠিত ও করপোরেট এবং আর্থিক প্রতিষ্ঠানগুলোর কাছে প্রাথমিকভাবে তিন বছরের জন্য দলগুলোর মালিকানাস্বত্ব দেওয়ার পরিকল্পনা রয়েছে। নতুন কাঠামোর প্রথম ধাপে টিটোয়েন্টি প্রতিযোগিতা আয়োজনের সম্ভাব্য সময় ধরা হয়েছে ২০২৬ সালের ডিসেম্বর।

পূর্ববর্তী নিবন্ধআঞ্চলিক টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল আজ
পরবর্তী নিবন্ধচট্টগ্রাম উপ-অঞ্চলের কাবাডিতে কুতুবদিয়া মডেল স্কুল ও ত্রিপুরা পাড়া স্কুল চ্যাম্পিয়ন